ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি অপসারণ কার্যক্রম বন্ধ, বৃক্ষরোপণের উদ্যোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ১৬ জুন ২০২৬   আপডেট: ১৮:৫৬, ১৬ জুন ২০২৬
পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি অপসারণ কার্যক্রম বন্ধ, বৃক্ষরোপণের উদ্যোগ

তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন সড়ক পরিবহন ও রেলমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও উদ্বেগের মুখে নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি অপসারণ কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে ওই এলাকায় বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

আরো পড়ুন:

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

ফতুল্লায় পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি সরানোর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শেখ রবিউল আলম বলেন, বিষয়টি যেভাবে প্রচার হয়েছে বাস্তবে তা পুরোপুরি সেভাবে নয়। সেতু নির্মাণের সময় বিভিন্ন ধরনের অস্থায়ী অবকাঠামো ও প্রতিবন্ধকতা রাখা হয়েছিল। সেসবের অংশ হিসেবে কিছু জায়গা থেকে মাটি সরানো হয়েছিল।

মন্ত্রী বলেন, নির্মাণকাজের সহায়ক হিসেবে সেখানে অতিরিক্ত মাটি জমা ছিল। দীর্ঘদিন তা অপসারণ করা হয়নি। জায়গাটি উঁচু হওয়ায় মই ব্যবহার করে কিছু সরঞ্জাম চুরি হওয়ার ঘটনা কিংবা চুরির চেষ্টা হয়েছে। সার্বিক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের বিষয় বিবেচনায় রেখেই অতিরিক্ত মাটি সরানো হয়েছিল।

তবে এ কার্যক্রমকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, আমরা মাটি কাটা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে গাছ লাগানো হবে। ইতোমধ্যে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ সময় ভাঙ্গা-পায়রা রেলপথের সম্ভাব্য রুট পরিবর্তনের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, এ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) সম্পন্ন হয়েছে এবং বর্তমানে অ্যালাইনমেন্ট পরিবর্তনের কোনো পরিকল্পনা সরকারের নেই। তিনি বলেন, যে অ্যালাইনমেন্ট ধরে সম্ভাব্যতা যাচাই করা হয়েছে, প্রকল্পও সেই রুট অনুসরণ করেই এগোচ্ছে। এখন পর্যন্ত অ্যালাইনমেন্ট পরিবর্তনের প্রয়োজনিয়তা আমরা দেখছি না, এমন কোনো যৌক্তিক দাবিও আমাদের সামনে আসেনি।

মন্ত্রী জানান, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে এবং রুট পরিবর্তনের বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত বিবেচনায় নেই।

ঢাকা/এএএম//

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়