ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

সংসদে লিখিত বক্তব্য দেখে পড়া নিয়ে সতর্কতা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ১৬ জুন ২০২৬  
সংসদে লিখিত বক্তব্য দেখে পড়া নিয়ে সতর্কতা

সংসদ অধিবেশন।

জাতীয় সংসদে বাজেট আলোচনায় সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফাহমিদা হকের বক্তব্য চলাকালে দীর্ঘ সময় ধরে লিখিত বক্তব্য দেখে পড়ার প্রবণতা নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দৃষ্টি আকর্ষণ করেন।

আরো পড়ুন:

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে ফাহমিদা হক সংসদীয় রেওয়াজ, রাজনৈতিক বাস্তবতা এবং বাজেটের বিভিন্ন দিক নিয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করছিলেন। এ সময় তিনি সংসদে অংশগ্রহণ, বাজেট নিয়ে গঠনমূলক সমালোচনা এবং জনগণের প্রত্যাশা পূরণে বিরোধীদলের ভূমিকা নিয়ে কথা বলেন।

তিনি বলেন, “বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় জনগণ আশা করেছিল একটি দায়িত্বশীল বিরোধীদল বাজেট নিয়ে গঠনমূলক আলোচনা করবে। যেখানে ঘাটতি, উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দের বিষয়গুলো গুরুত্ব পাবে।”

একটানা দেখে পড়ার সময় সংসদীয় চর্চার বিষয়ে স্পিকার তার দৃষ্টি আকর্ষণ করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “সংসদে দীর্ঘ সময় ধরে একটানা লিখিত বক্তব্য দেখে পড়ে যাওয়া সংসদের প্রচলিত রেওয়াজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, “নোট ব্যবহার করা যেতে পারে, তবে তা সহায়ক হিসেবে। মাঝে মাঝে দেখে বক্তব্য দেওয়া যেতে পারে, কিন্তু পুরো বক্তব্য কাগজ থেকে একটানা পড়ে যাওয়া উচিত নয়। সংসদকে প্রাণবন্ত ও কার্যকর রাখতে সদস্যদের আরো আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য উপস্থাপন করা প্রয়োজন।”

এরপর ফাহমিদা হক তার বক্তব্যে রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “জনগণের মৌলিক চাহিদা ভাত-কাপড়, চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তা।এসব বিষয়ে আরো কার্যকর উদ্যোগ প্রয়োজন।”

তিনি অভিযোগ করেন, “বাজেট আলোচনায় উন্নয়ন ও জনস্বার্থের পরিবর্তে রাজনৈতিক অস্থিরতার বিষয় বেশি গুরুত্ব পাচ্ছে।”

তিনি আরো বলেন, “রাষ্ট্র কোনো দলীয় সম্পত্তি নয়; এটি সকল জনগণের।” তাই রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

ফাহমিদা হক বাজেটকে সমর্থন জানিয়ে বলেন, “এই বাজেট ভবিষ্যতের উন্নয়ন ও অগ্রগতির দিক-নির্দেশনা বহন করে।”

ঢাকা/এএএম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়