আইডিআরের চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন নাদিয়া
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) দায়িত্ব গ্রহণের পর আইডিআরএ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত এক পরিচিতি সভা করেন তিনি।
এ সময় তিনি বিমা খাতের আধুনিকায়ন এবং ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল আইডিআরএ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারেক।
এছাড়া এফআইডি অতিরিক্ত সচিব সাঈদ কুতুব, আইডিআরএর সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আইডিআরএর নতুন চেয়ারম্যান বলেন, “দেশের বিমা খাতকে আরো শক্তিশালী ও টেকসই করতে প্রচলিত পরিপালন-ভিত্তিক তদারকি ব্যবস্থা থেকে ঝুঁকি-ভিত্তিক তদারকি ব্যবস্থায় উত্তরণ প্রয়োজন।”
তিনি বলেন, “একটি প্রতিষ্ঠানের সার্বিক সফলতা এবং একটি খাতের টেকসই উন্নয়নের জন্য সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি ভিশন থাকা অত্যন্ত জরুরি। সেই ভিশন বাস্তবায়নে প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে।”
মীর নাদিয়া নিভিন বলেন, “বিমা খাতের উন্নয়নে দাবি নিষ্পত্তির সক্ষমতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং কার্যকর নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব লক্ষ্য অর্জনে আইডিআরএ আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলতে কাজ করবে।”
ঢাকা/নাজমুল/এসবি
হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০০৯