ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত জোভান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ১৮ জুন ২০২৬  
মোটরসাইকেল দুর্ঘটনায় আহত জোভান

ফারহান আহমেদ জোভান

মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। কয়েক দিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভে বাইক চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে। তবে বড় ধরনের কোনো আঘাত পাননি বলে জানিয়েছেন জোভান। 

আরো পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার অভিজ্ঞতা ভাগাভাগি করার পাশাপাশি সবাইকে নিরাপদে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন জোভান। এ অভিনেতা জানান, কয়েক দিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভে বাইক চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সেই অভিজ্ঞতা তাকে নতুন করে উপলব্ধি করিয়েছে, সড়কে সামান্য অসাবধানতাও বড় বিপদের কারণ হতে পারে। 

শারীরিকভাবে সুস্থ থাকার তথ্য জানিয়ে জোভান বলেন, “কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।” 

দুর্ঘটনা থেকে পাওয়া শিক্ষা তুলে ধরে জোভান লেখেন, “রাস্তায় আমরা অনেক সময় ভাবি, আরেকটু স্পিডে গেলে কী হবে? কিংবা আমি তো ভালোই চালাই। কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে, কার সঙ্গে ঘটবে, তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।” 

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জোভান বলেন, “বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করুন এবং ট্রাফিক আইন মেনে চলুন। কারণ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো। গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” 

জোভানের পোস্টটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। মন্তব্যের ঘরে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি সড়ক নিরাপত্তা নিয়ে তার সচেতনতামূলক বার্তারও প্রশংসা করেছেন। 

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ফারহান আহমেদ জোভান। ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা, কাজের খবর এবং সামাজিক সচেতনতামূলক বার্তা নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। এবার নিজের সঙ্গে ঘটা দুর্ঘটনার অভিজ্ঞতাও শেয়ার করলেন অন্যদের সচেতন করার উদ্দেশ্যে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়