হাওরে বজ্রপাতে দুই জেলের মৃত্যু
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিলেটের ফেঞ্চুগঞ্জে একটি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। তাদের সঙ্গে থাকা আরেকজন জেলে হাওরের পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা পূর্ব কাটুটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে একটি নৌকায় করে তিন জেলে জুড়ি নদী-সংলগ্ন হাওরে মাছ ধরতে যান। দুপুর ১২টার দিকে হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা দুই জেলে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাদের সঙ্গে থাকা অপর একজন হাওরের পানিতে পড়ে নিখোঁজ হন।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মাহফুজুল করিম জানিয়েছেন, বজ্রপাতে নিহতের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে হাওরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
তিনি আরো জানান, নিহত দুই জেলের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার কাজ চলছে। তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
ঢাকা/রাহাত/রফিক