ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

কলম্বিয়া বজায় রাখল লাতিন আধিপত্য

ক্রীড়াডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ১৮ জুন ২০২৬   আপডেট: ১৪:০২, ১৮ জুন ২০২৬
কলম্বিয়া বজায় রাখল লাতিন আধিপত্য

প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাওয়া উজবেকিস্তান লড়াই করেছে সাহসিকতার সঙ্গে, কিন্তু অভিজ্ঞতার পরীক্ষায় শেষ পর্যন্ত টিকতে পারেনি। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ উদ্বোধনী ম্যাচে উজবেকদের বিপক্ষে জয় তুলে নিয়েছে দক্ষিণ আমেরিকার ডার্কহর্স কলম্বিয়া। ব্রাজিল, স্পেন বা পর্তুগালের মতো সেফ ফুটবল না খেলে প্রথম থেকেই আক্রমণে গিয়েছে হামেস রদ্রিগেজ আর লুইজ দিয়াজরা। 

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১৮ জুন) ‘কে’ গ্রুপের ম্যাচে কলম্বিয়া ৩–১ গোলে হারিয়েছে উজবেকিস্তানকে। শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ রেখে আক্রমণ করছিল কলম্বিয়া। তবে উজবেকিস্তানের সংগঠিত রক্ষণভাগ প্রথমার্ধের বেশিরভাগ সময় প্রতিপক্ষকে হতাশ করে রাখে। একের পর এক আক্রমণ গড়ে তুলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না দিয়াজরা।

যখন মনে হচ্ছিল গোলশূন্য সমতায় বিরতিতে যাবে দুই দল, তখনই আসে ম্যাচের প্রথম গোল। প্রথমার্ধের শেষ দিকে দানিয়েল মুনিওজ প্রতিপক্ষের রক্ষণ ভেঙে বল জালে পাঠিয়ে স্বস্তি এনে দেন কলম্বিয়াকে। সেই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় দক্ষিণ আমেরিকার দলটি।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। পিছিয়ে থাকা উজবেকিস্তান আরও সাহসী ফুটবল খেলতে শুরু করে। তাদের প্রচেষ্টার পুরস্কারও আসে ৬০তম মিনিটে। আব্বোসবেগ ফাইজুল্লায়েভের গোলে সমতায় ফেরে বিশ্বকাপের নবাগত দলটি। ইতিহাসের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে সমতা ফেরানোর পর উজবেক খেলোয়াড়দের উদযাপনেই ফুটে ওঠে মুহূর্তটির গুরুত্ব। তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি।

সমতায় ফেরার মাত্র পাঁচ মিনিট পরই আবারও সামনে চলে যায় কলম্বিয়া। দলের সবচেয়ে নির্ভরযোগ্য তারকাদের একজন লুইস দিয়াজ দায়িত্বশীল ভূমিকায় হাজির হয়ে গোল করে ব্যবধান ২–১ করেন। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে পাওয়া সেই গোল উজবেকিস্তানের ওপর নতুন করে চাপ সৃষ্টি করে।

এরপর সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে উজবেকিস্তান। কিন্তু ঝুঁকি নিয়ে আক্রমণে ওঠার ফলে রক্ষণভাগে ফাঁকা জায়গাও তৈরি হতে থাকে। সেই সুযোগ কাজে লাগিয়ে যোগ করা সময়ের নবম মিনিটে তৃতীয় গোলটি করেন হামিন্তন কাম্পাজ। তার গোলেই জয় নিশ্চিত হয় কলম্বিয়ার।

স্কোরলাইন ৩–১ হলেও ম্যাচের অনেকটা সময় উজবেকিস্তান কঠিন পরীক্ষা নিয়েছে কলম্বিয়ার। বিশেষ করে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার পর কিছু সময় ম্যাচের নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিয়েছিল তারা। কিন্তু বড় আসরে অভিজ্ঞতার মূল্য কতটা, সেটি শেষ পর্যন্ত বুঝিয়ে দিয়েছে কলম্বিয়া।

এই জয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে কলম্বিয়া। গ্রুপের অন্য ম্যাচে পর্তুগাল ও ডিআর কঙ্গো ১–১ গোলে ড্র করায় তিন পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে তারা।

অন্যদিকে পরাজয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হলেও উজবেকিস্তানের জন্য ইতিবাচক দিকও কম নয়। নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে তারা গোল করেছে, প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলেছে শক্তিশালী এক দলের বিপক্ষে। তবে
নকআউট পর্বের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে পরের ম্যাচগুলোতে আরও কার্যকর ফুটবল খেলতে হবে তাদের।
 

ঢাকা/নাভিদ

সর্বশেষ

পাঠকপ্রিয়