সাংবাদিকদের যেকোনো যৌক্তিক দাবিতে পাশে থাকব: সেতুমন্ত্রী
বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ বিএসআরএফ সংলাপে কথা বলেন সেতুমন্ত্রী
সাংবাদিকদের প্রয়োজনীয় উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, সাংবাদিকদের যেকোনো যৌক্তিক উদ্যোগে তিনি পাশে থাকবেন এবং প্রয়োজন হলে ব্যক্তিগতভাবেও সহযোগিতা করতে প্রস্তুত।
বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশে শেখ রবিউল আলম বলেন, “আপনাদের জন্য কী করা যাবে, সেটি নিয়ে আমি সবসময় ইতিবাচক। সাংবাদিকতা সেক্টরটাও সমৃদ্ধ হওয়া দরকার। ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন কোনো প্রয়োজনীয় কাজ আছে, সেটি যে ব্যয়েরই হোক না কেন আমাকে জানাবেন।”
তিনি আরো বলেন, “আপনারা যদি কোনো কারণে সমস্যায় পড়েন, তাহলে ব্যক্তিগতভাবে সহযোগিতা করার সামর্থ্য আমার আছে। আমি সবসময় আপনাদের পাশে আছি।”
সংলাপের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী বলেন, সাংবাদিকদের প্রশ্ন করার পরিধি অনেক বিস্তৃত। অনেক সময় তাঁর মন্ত্রণালয়ের বাইরের বিষয়েও সাংবাদিকরা জানতে চান। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে তাঁর এখতিয়ার না থাকলে তিনি তা স্পষ্টভাবে জানিয়ে দেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
তিনি বলেন, “কোনো কোনো সময় অনেকে মনে করেন, আমি হয়তো বিষয়টি এড়িয়ে যাচ্ছি। কিন্তু বাস্তবতা হলো, যে বিষয়ে আমার এখতিয়ার নেই, সে বিষয়ে ভুল তথ্য দেওয়ার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোই সঠিক।”
সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে শেখ রবিউল আলম বলেন, “আমি সবসময় উপস্থিত আছি, ভবিষ্যতেও থাকব। সাংবাদিকদের যেকোনো যৌক্তিক উদ্যোগ বা প্রয়োজনের বিষয়ে আমাকে অবহিত করলে সহযোগিতার চেষ্টা করব।”
ঢাকা/এএএম/ইভা