বিএনপি নেতাকে কারাফটকে বরণ করতে গিয়ে কর্মীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কারা ফটকে মুক্তি পাওয়া বিএনপি নেতাকে স্বাগত জানাতে এসে অসুস্থ হয়ে মারা যান মিঠু আলী নামে এক কর্মী।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সামনে জামিনে মুক্ত বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে ফুল দিয়ে বরণ করতে গিয়ে এক কর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকেলে জেলা কারাগারের সামনে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া কর্মীর নাম মিঠু আলী (৪৫)। তিনি গোমস্তাপুর উপজেলার বাজারপাড়া এলাকার মাহাতাব উদ্দিনের ছেলে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, গত ৯ মে পুলিশ সদস্যকে মারধরের একটি মামলায় গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। বুধবার বিকেলে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান। নেতার মুক্তির খবর পেয়ে বিকেল থেকেই জেলা কারাগারের সামনে শত শত নেতাকর্মী জড়ো হতে থাকেন। রায়হান কারাগার থেকে বের হওয়ার পরপরই উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারাফটকের সামনে অতিরিক্ত ভিড় এবং তীব্র গরমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিঠু আলী। তাৎক্ষণিক তাকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে জেলা বিএনপির সদস্য গণি হামিদ চৌধুরীর সঙ্গে যোগোযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তিনি কারা মুক্ত আব্দুল্লাহ আল রায়হানের বড় ভাই।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহবুব হাসান বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে মারা গেছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি পেট্রলপাম্পে ইঞ্জিন অয়েল নেওয়াকে কেন্দ্র করে পুলিশের এক কনস্টেবলকে মারধর করেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হান। পরবর্তীতে মারধরের শিকার কনস্টেবল মো. শওকত বাদী হয়ে রায়হানের বিরুদ্ধে মামলা করেন। মামলা হওয়ার পর রায়হান আত্মগোপনে চলে যান। পরে তাকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
ঢাকা/গালিভ/মাসুদ