নেত্রকোণায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
নেত্রকোণা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নেত্রকোণার মদন উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রাজিব মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোর ৫টার দিকে উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাজিব মিয়া জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে। তিনি পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে বাড়ির পাশের পানিতে ডুবে থাকা জমিতে মাছ ধরতে যান রাজিব। এ সময় আকাশে মেঘ জমে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। সেখানেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
ঢাকা/ইবাদ/ইভা