ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত তারকারা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ১৭ জুন ২০২৬   আপডেট: ১৫:৫২, ১৭ জুন ২০২৬
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত তারকারা

ছবির কোলাজ

বিশ্বকাপের মাঠে আর্জেন্টিনার দাপুটে সূচনার পর উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলের জয় উদযাপন করছেন তারকারা। কেউ জানিয়েছেন ভালোবাসা, কেউ আবার মজার ছলে খোঁচা দিচ্ছেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকদের।

আরো পড়ুন:

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বড় জয় এবং লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত অনেক তারকা। সোশ্যাল মিডিয়ায় দেওয়া তাদের পোস্টগুলোতে ফুটে উঠেছে আনন্দ, আবেগ, স্মৃতি আর খুনসুটির চিত্র।

যুক্তরাষ্ট্রপ্রবাসী অভিনেতা অমিত হাসান জয় উদযাপনের পাশাপাশি ব্রাজিল সমর্থক বন্ধু ও সহকর্মীদের উদ্দেশে মজার ছলে ভাইরাল একটি সংলাপ ব্যবহার করে পোস্ট দিয়েছেন। তার ভাষায়, “তিন গোল দিলাম। রাগ করলা।”

তারকা দম্পতি এফএস নাঈম ও নাদিয়া আহমেদ স্টেডিয়ামে উপস্থিত হয়ে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ উপভোগ করেছেন। খেলা চলাকালে স্বামীর সঙ্গে তোলা ছবি পোস্ট করে আর্জেন্টিনার প্রতি সমর্থনের কথা জানান নাদিয়া। ম্যাচ শেষে প্রিয় দলের বড় জয়ের ফলে সেই আনন্দ আরো বেড়ে যায়। 

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল মেসির প্রশংসা করে লিখেছেন, “সেরা ছন্দে থাকা এই ফুটবলারের সামনে প্রতিপক্ষের খুব বেশি কিছু করার থাকে না।” তিন গোলের জয়ে আর্জেন্টিনার পূর্ণ আধিপত্য দেখেছেন এই অভিনেত্রী।

অভিনেত্রী জাকিয়া বারী মম ও কেয়া পায়েল


অভিনেতা জায়েদ খানও নিজের আবেগের কথা লুকাননি। তিনি জানিয়েছেন, কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার কারণেই ফুটবলের প্রতি তার ভালোবাসার শুরু, আর সেই সূত্রেই আর্জেন্টিনার প্রতি টান। মেসির পারফরম্যান্সেরও প্রশংসা করেন আলোচিত এই নায়ক।

চিত্রনায়িকা পরীমণি অবশ্য জয় উদযাপনের জন্য বেছে নিয়েছেন ভিন্ন পথ। ছেলের একটি ছবি পোস্ট করে তাকে ‘ছোট্ট মেসি’ বলে উল্লেখ করেন। পোস্টটি মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে।

অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও আর্জেন্টিনার জয়ে আনন্দ প্রকাশ করেছেন। ব্রাজিল সমর্থকদের খোঁচা দিয়ে তিনি লিখেছেন, “কারা জানি আজকে রাগ করছে।”

গায়িকা লুইপা ম্যাচ ঘিরে নিজের পারিবারিক অভিজ্ঞতা শেয়ার করে ভক্তদের হাসিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমার স্বামী আর্জেন্টিনা না কি ব্রাজিলের সাপোর্টার এইটা কখনই বলে না। কিন্তু আজকে আমার কেমন একটা সন্দেহ হচ্ছে, সে মনে হয় শত্রুপক্ষ। কারণ সে খেলা দেখার ব্যবস্থা না করেই ঘুমিয়ে পড়ছে। এখন আমি কি করব গায়েজ?”

কন্যাকে নিয়ে প্রথমবার আর্জেন্টিনার খেলা উপভোগ করেন নাদিয়া


ছোটপর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়ার কাছে ম্যাচটি ছিল আরো বিশেষ। কারণ মেয়ে সানাকে নিয়ে এটাই ছিল তার প্রথম আর্জেন্টিনা ম্যাচ দেখা। ম্যাচ শেষে তিনি জানান, মেসির হ্যাটট্রিক আর আর্জেন্টিনার জয় বিশ্বকাপযাত্রার জন্য দারুণ এক সূচনা। মজার বিষয়, ছবিটি তুলে দিয়েছেন ব্রাজিল সমর্থক সালমান আরাফাত।

আর্জেন্টিনা সমর্থক অভিনেত্রী জাকিয়া বারী মমও দলের জয়ে আনন্দ প্রকাশ করেছেন। তার ভাষায়, দিনটি শুরু হয়েছে একটি অসাধারণ জয়ের খবর দিয়ে।

অন্যদিকে, অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী সরাসরি মাঠে বসে খেলা দেখেছেন। স্টেডিয়াম থেকে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “মাই লাভ মেসি, প্রিয় দল আর্জেন্টিনার জন্য ভালোবাসা।”

বিশ্বকাপ মানেই আবেগ, তর্ক-বিতর্ক আর সমর্থকদের উৎসব। মাঠের ৯০ মিনিটের লড়াই শেষে সেই আবেগ এবার ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের পোস্টে স্পষ্ট, আর্জেন্টিনার এই জয় শুধু একটি ম্যাচের ফল নয়, বরং তাদের কাছে এটি আনন্দ ভাগাভাগি করারও একটি উপলক্ষ।

ঢাকা/জান্নাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়