তার চুরি করতে গিয়ে রিকশাচালকের মৃত্যু, ২ সহযোগী আটক
গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরির চেষ্টা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ হাসান আনন্দ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে পৌরসভার ঘোনাপাড়ার ইউরো বাংলা গ্লাস ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। বুধবার (১৭ জুন) সকালে চুরি করা তারসহ মারা যাওয়া যুবকের দুই সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
মারা যাওয়া আনন্দ উপজেলার মূলগাঁও চরপাড়া এলাকার আমিন মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। স্থানীয়দের দাবি, বিভিন্ন সময় সংঘটিত চুরির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কয়েকজনকে সঙ্গে নিয়ে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরির জন্য ঘটনাস্থলে যান আনন্দ। লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এমন ধারণা করে তারা কাজ শুরু করেন। পাশের আরেকটি লাইনে তখনও বিদ্যুৎ প্রবাহ চলমান ছিল। একপর্যায়ে খুঁটি থেকে বিচ্ছিন্ন করা তার টানতে গেলে সেটি সচল বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। এতে তীব্র বৈদ্যুতিক শকে ঘটনাস্থলেই প্রাণ হারান আনন্দ।
ঘটনার আকস্মিকতায় আনন্দের সঙ্গে থাকা অন্যরা দ্রুত স্থান ত্যাগ করে। পরে কালীগঞ্জ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসী জানান, বুধবার সকালে স্থানীয়রা নিহতের দুই সহযোগীকে চুরি করা তারসহ আটক করেন। তারা হলেন- মূলগাঁও এলাকার সাইফুলের ছেলে আশিক এবং বাঘেরপাড়া এলাকার অরুণের ছেলে খাইরুল। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
ঢাকা/রফিক/মাসুদ