স্বামীর হাত-পা-মুখ বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বামীর হাত-পা-মুখ বেঁধে রেখে এক গৃহবধূকে (২৫) ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার পাগলা থানা এলাকার একটি গ্রামে ঘটনাটি ঘটে।
বুধবার (১৭ জুন) ভুক্তভোগীর মা বাদী হয়ে আটজনকে অভিযুক্ত করে পাগলা থানায় অভিযোগ দিয়েছেন।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগীর স্বামী বলেন, “একটি বাড়ির দুটি কক্ষের একটিতে মা ও অন্যটিতে সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করি। মঙ্গলবার মধ্যরাত ১টার দিকে আটজন ব্যক্তি মুখ বাধা অবস্থায় ঘরে ডুকে আমার হাত-পা-মুখ বেঁধে মারধর করে। আমার স্ত্রী ফেরাতে গেলে তারা তাকেও হাত-পা বেঁধে জোর করে ঘর থেকে তুলে নিয়ে যায়।”
তিনি বলেন, “বাড়ি থেকে প্রায় দেড়শ মিটার দূরে নিয়ে তারা আমার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। আশপাশের লোকজন টের পেয়ে আমার স্ত্রীকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান।”
ভুক্তভোগীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি অসহায় মা। আমার স্বামী আছিন প্রতিবন্ধী, মইরা গেছে। মায়াডারে লইয়া থাকতাম। যারা আমার মায়াডার সর্বনাশ করছে তাগর কঠিন বিচার চাই।”
পাগলা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “ভুক্তভোগীকে পরীক্ষা ও চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিধীন।
ঢাকা/মিলন/মাসুদ