ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তাপাড়ে সমাবেশ-মশাল মিছিল

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ১৮ জুন ২০২৬   আপডেট: ০৯:২৪, ১৮ জুন ২০২৬
মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তাপাড়ে সমাবেশ-মশাল মিছিল

মশাল মিছিলে অংশগ্রহণকারী তিস্তাপাড়ের বাসিন্দারা।

জাতীয় বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য সুস্পষ্ট অর্থ বরাদ্দ ও বাস্তবায়নের রোডম্যাপ না থাকায় ক্ষোভে ফুঁসে উঠেছে তিস্তাপাড়ের মানুষ। তাদের অভিযোগ, বন্যা, খরা ও নদী ভাঙনের সঙ্গে লড়াই করতে করতে প্রজন্মের পর প্রজন্ম পার হয়ে গেলেও তিস্তার স্থায়ী সমাধান এখনো আশ্বাসের পাতায়। তাই ভূ-রাজনৈতিক জটিলতার অজুহাত না দেখিয়ে, নিজস্ব অর্থায়নে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

আরো পড়ুন:

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে ‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত গণসমাবেশ ও মশাল প্রজ্বলন কর্মসূচিতে নদীপাড়ের হাজারো মানুষ অংশ নেন। সমাবেশ শেষে মশাল মিছিল বের করা হয়। এতে অংশগ্রহণকারীরা তিস্তার স্থায়ী সমাধান ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য রাখেন- ‘তিস্তা বাচাও নদী বাঁচাও’ সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, সাধারণ সম্পাদক শফিয়ার রহমানসহ অন্যরা।

বক্তারা বলেন, তিস্তা এখন উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘ প্রতীক্ষার প্রতীক। বর্ষা মৌসুমে নদীর স্রোত ঘরবাড়ি, ফসলি জমি ও সহায়-সম্বল ভাসিয়ে নিয়ে যায়। আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। এই বৈপরীত্যপূর্ণ পরিস্থিতির মধ্যেই তিস্তা অববাহিকার মানুষ দুই দশকেরও বেশি সময় ধরে একটি কার্যকর মহাপরিকল্পনার অপেক্ষায় রয়েছেন।

সমাবেশে অংশ নেওয়া নদীপাড়ের মানুষরা বলেন, চলতি অর্থবছরের বাজেটে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি আলোচনায় এলেও কোনো সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ কিংবা বাস্তবায়নের সময়সূচি উল্লেখ করা হয়নি। এতে নদীপাড়ের মানুষের মধ্যে নতুন করে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই এখন আর আশ্বাস নয়, দৃশ্যমান উদ্যোগ ও সময়বদ্ধ কর্মপরিকল্পনা দেখতে চান তারা।

তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতারা বলেন, উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষের দুর্ভোগ বারবার রাজনৈতিক প্রতিশ্রুতির বিষয়বস্তু হলেও বাস্তব সমাধান আজও অধরাই রয়ে গেছে। তাই সংসদীয় বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ, সময়বদ্ধ বাস্তবায়ন পরিকল্পনা এবং একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা।

সংগঠনের সভাপতি নজরুল ইসলাম হক্কানি বলেন, “তিস্তা মহাপরিকল্পনা আর বিলম্ব করার সুযোগ নেই। উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি ও পরিবেশ রক্ষার স্বার্থে দ্রুত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।”

তিনি বক্তব্যে স্মরণ করিয়ে দেন, গত বছর তিস্তাপাড়ের লাগাতার আন্দোলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বর্তমান সরকার প্রধান মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে এখনো অপেক্ষায় রয়েছেন তিস্তাপাড়ের মানুষ। আগামী ২৩ জুন তারেক রহমানের চীন সফরকে ঘিরেও নতুন করে আশার সঞ্চার হয়েছে। তাই তারেক রহমান সরকারের হাত ধরে তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু করা হবে এমনটাই আশা করছেন তিনি।

ঢাকা/আমিরুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়