রেললাইনে বালু ভর্তি ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রেললাইনের ওপর উল্টে পড়া ট্রাক অপসারণে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুভর্তি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়েছে। ফলে কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ ঘটনায় কুড়িগ্রাম এক্সপ্রেস ও রমনা কমিউটার ট্রেনের শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার রাজারহাট-তিস্তা আঞ্চলিক সড়কের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, সকালে বালুভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে রেলপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে কুড়িগ্রাম-তিস্তা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। রেললাইন বন্ধ থাকায় নির্ধারিত সময়ে কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। ফলে ঢাকাগামী যাত্রীদের অনেকেই বিকল্প উপায়ে তিস্তা রেলওয়ে স্টেশনে যেতে দেখা যায়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কুড়িগ্রাম স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল কুড়িগ্রাম এক্সপ্রেসের। রেললাইন বন্ধ থাকায় ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। একই কারণে রমনা কমিউটার ট্রেনের চলাচলও ব্যাহত হয়েছে।
এদিকে, রেলওয়ে কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি অপসারণ এবং রেলপথ সচল করার কাজ শুরু করেছেন। দ্রুততম সময়ের মধ্যে ট্রাকটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ঢাকাগামী যাত্রী রুবেল মিয়া বলেন, “সকালে যথাসময়ে কুড়িগ্রাম স্টেশনে এসে জানতে পারি কুড়িগ্রাম এক্সপ্রেস আসবে না। পরে বাধ্য হয়ে অটোরিকশায় তিস্তা স্টেশনের যেতে রওনা হই। আমার মতো শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন।”
ঢাকা/বাদশাহ/মাসুদ