ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রতারণা ও হুমকির অভিযোগ: সোহমের আগাম জামিন আবেদন খারিজ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ১৮ জুন ২০২৬   আপডেট: ১২:০৮, ১৮ জুন ২০২৬
প্রতারণা ও হুমকির অভিযোগ: সোহমের আগাম জামিন আবেদন খারিজ

সোহম চক্রবর্তী

প্রতারণা ও হুমকির অভিযোগে দায়ের করা মামলা নিয়ে অস্বস্তিতে পড়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী। বুধবার (১৭ জুন) তার আইনজীবী আগাম জামিনের আবেদন করলে তা খারিজ করে দেন বালুরঘাট জেলা আদালতের অতিরিক্ত ও দায়রা বিচারক মানস বসু। 

আরো পড়ুন:

এ ব্যাপারে বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী ভারতীয় গণমাধ্যমে বলেন, “সোহম চক্রবর্তীর আগাম জামিনের আবেদন করা হয়েছিল। সেই আবেদন খারিজ করেছেন বিচারক।”  

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, গত ২১ মে, বালুরঘাট থানায় সোহমের বিরুদ্ধে প্রতারণা, হত্যার হুমকির অভিযোগে মামলা দায়ের করেন বালুরঘাটের মঙ্গলপুরের বাসিন্দা প্রযোজক তরুণ দাস। তার অভিযোগ, ২০১৮ সালে কর্মাশিয়াল একটি বাংলা সিনেমা তৈরির পরিকল্পনা করেছিলেন তরুণ। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য যোগাযোগ করেন সোহমের সঙ্গে।  

প্রাথমিক কথাবার্তার পর সাম্মানি বাবদ ১৫ লাখ রুপি অগ্রিম নেন অভিনেতা। এরপর বারবার শুটিং পেছাতে থাকেন তিনি। ২০২০ সালে তরুণ দাস বুঝতে পারেন, সিনেমাটির কাজ আর এগোবে না। ওই সময়ে প্রযোজকের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় সোহমের কাছে টাকা ফেরত চান। এরপরই শুরু হয় সমস্যা।

তরুণ দাস বলেন, “এতগুলো বছর ধরে টাকা চেয়েও পাইনি। উল্টো সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আদালতের এই নির্দেশে ন্যায়বিচারের আশা দেখছি।”

এ বিষয়ে কথা বলতে সোহম চক্রবর্তীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পায়নি গণমাধ্যমটি। তবে সোহম চক্রবর্তীর আইনজীবী শেখর দাশগুপ্ত বলেন, “অভিযোগকারী সিনেমার কাজ সম্পূর্ণ করতে পারেননি। যদিও আমার মক্কেল সময় দিতে প্রস্তুত ছিলেন। আদালতের লিখিত নির্দেশ হাতে পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়