ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

কালিয়াকৈরে কারখানার পানি পান করে অনেক শ্রমিক অসুস্থ

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ১৮ জুন ২০২৬   আপডেট: ১২:০০, ১৮ জুন ২০২৬
কালিয়াকৈরে কারখানার পানি পান করে অনেক শ্রমিক অসুস্থ

পানি পান করে অসুস্থ হয়ে পড়া এক শ্রমিককে হাসপাতালে আনা হয়।

গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানার পানি পান করার পর অসুস্থ হয়ে পড়েছেন অনেক শ্রমিক। মাথা ঘোরা, বমি ও শারীরিক দুর্বলতাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো আজ সকালে শ্রমিকরা কারখানাটিতে কাজে যোগ দেন। কাজ শুরুর কিছু সময় পর তারা কারখানার সরবরাহকৃত পানি পান করেন। এরপর প্রথমে চতুর্থ তলায় কর্মরত কয়েকজন শ্রমিকের মধ্যে শারীরিক সমস্যা দেখা দেয়। একপর্যায়ে তারা মাথা ঘুরে মেঝেতে পড়ে যান।

একই ধরনের উপসর্গ অন্য ফ্লোরের শ্রমিকদের মধ্যেও ছড়িয়ে পড়ে। অসুস্থ শ্রমিকদের মধ্যে অধিকাংশই নারী। পরিস্থিতি দ্রুত অবনতি হলে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কর্তৃপক্ষ ও সহকর্মীরা অসুস্থ শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে পাঠান। কয়েকজনকে কারখানার ভেতরেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক জাহিদ, মাজেদুল ইসলাম ও তন্নি আক্তার জানান, তারা নিয়মিত কারখানার সরবরাহকৃত পানি পান করেন। আজও কারখানার সরবরাহকৃত পানি পান করার কিছুক্ষণ পর অনেকের মাথা ঘোরা শুরু হয়। কেউ বমি করেন, কেউ মেঝেতে লুটিয়ে পড়েন। পরে অসুস্থ শ্রমিকদের হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে জানতে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। 

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, ‍“সকাল সাড়ে ১০টার পর থেকে বিপুল সংখ্যক শ্রমিককে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হচ্ছে। রোগীর চাপ এত বেশি যে হাসপাতালে ধারণক্ষমতার সংকট তৈরি হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জরুরি ভিত্তিতে তাদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।”

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়