ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘হয়রানি এড়াতে যাত্রা, সার্কাসের অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ১৮ জুন ২০২৬   আপডেট: ১৪:৩৬, ১৮ জুন ২০২৬
‘হয়রানি এড়াতে যাত্রা, সার্কাসের অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়’

যাত্রাদল ও সার্কাসের প্রাথমিক অনুমতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রদান করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। জেলা প্রশাসন বা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত হয়রানির শিকার যাতে হতে না হয় এজন্য এ  ধরনের আয়োজনের অনুমতি খোদ সংস্কৃতি মন্ত্রণালয় দেবে বলে জানান তিনি।   

বুধবার (১৭ জুন) বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত দুই দিনের যাত্রাশিল্পের মানোন্নয়ন বিষয়ক কর্মশালার শেষ দিন তিনি এ ঘোষণা দেন।

নিতাই রায় চৌধুরী বলেন, যাত্রাশিল্পকে সম্পূর্ণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পুনরুজ্জীবিত করা হবে। তবে এর নামে কোনো ধরনের জীবনবিমুখ, সংগ্রামবিমুখ কিংবা অশ্লীল কর্মকাণ্ড সহ্য করা হবে না। সুস্থ ও রুচিশীল বিনোদন নিশ্চিত করতে মন্ত্রণালয় থেকে একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলেও তিনি জানান। 

কর্মশালায় যাত্রাদলের মালিক, শিল্পী ও কলাকুশলীরা অংশ নেন এবং তাদের সংকটের কথা তুলে ধরেন। তারা গ্রামীণ ঐতিহ্য ফেরাতে সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নতুন প্রযোজনা নির্মাণের আহ্বান জানানোর পাশাপাশি সুস্থ কর্মপরিবেশ, আর্থিক নিশ্চয়তা ও ঝুঁকিভাতার দাবি তুলে ধরেন।  

অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় আমরা এই শক্তিশালী সাংস্কৃতিক মাধ্যমটিকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি। তবে যুগের পরিবর্তনের সাথে সাথে বাচনভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, প্যান্ডেল ব্যবস্থাপনা এবং বাদ্যযন্ত্রে আধুনিকতার ছোঁয়া আনতে হবে।

সংস্কৃতি সচিব কানিজ মওলার সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, কবি রেজাউদ্দিন স্টালিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান, গণমাধ্যম ব্যক্তিত্ব জুবায়ের বাবু, বিশিষ্ট পালাকার রাখাল বিশ্বাস এবং ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষকরা। 

ঢাকা/তারা//

সর্বশেষ

পাঠকপ্রিয়