টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ লাখ টাকার গাঁজা জব্দ
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৬ লাখ টাকা দামের ২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। তবে, অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১৭ জুন) রাত ১০টার দিকে টেকনাফ থানাধীন নাইট্যং পাড়া-সংলগ্ন এলাকায় টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা একটি বিশেষ অভিযান চালান। অভিযানকালে একটি সন্দেহভাজন বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, উদ্ধার করা গাঁজার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/তারেকুর/রফিক
হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০০৯