পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগজনক হারে বাড়ছে সমকামিতা। ফলে জেলায় এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। পাবনায় এখন পর্যন্ত সমকামিতায় আসক্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ১ হাজার ৬শ’ জনের ওপরে। এবং ১৬ জনের শরীরে এইচআইভি শনাক্ত করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক কর্মশালায় হাসপাতালের কী পপুলেশন্স-কেপি সেন্টারের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
‘বাংলাদেশে মানবাধিকার ও এইচআইভি: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় পাবনা জেলার এইচআইভি সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে করণীয় ব্যাখ্যা করেন পাবনা জেনারেল হাসপাতালের কেপি সেন্টারের ফোকাল পার্সন ডা. মনিরুজ্জামান এবং সেন্টার ম্যানেজার ডা. আহসানুল কবির।
এতে বলা হয়, পাবনায় শিরায় মাদকগ্রহণকারী, নারী যৌনকর্মী, পুরুষ যৌনকর্মী, সমকামী ও হিজরা জনগোষ্ঠীর মাধ্যমে এইচআইভি ছড়াচ্ছে। পাবনায় ১ হাজার ৬১৫ জন সমকামী, ৭৬৫ জন নারী যৌনকর্মী, ৯০৮ জন পুরুষ যৌনকর্মী এবং ৪৮৪ জন শিরায় মাদকগ্রহণকারী শনাক্ত করা হয়েছে। পাবনায় এখনও পর্যন্ত ১৬ জনের শরীরে এইচআইভি এইডস শনাক্ত করা হয়েছে, এর মধ্যে ৭ জনই সমকামী।
কর্মশালায় পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলমসহ জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও ডিজিটাল গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/শাহীন//