প্রথম রাউন্ড শেষে গ্রুপগুলোতে কার অবস্থান কোথায়?
ক্রীড়াডেস্ক || রাইজিংবিডি.কম
১১ জুন পর্দা উঠেছিল ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপের। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত এই আসরে গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের সব ম্যাচ শেষ হয়েছে। ১২টি গ্রুপের প্রতিটি দলই অন্তত একবার করে মাঠে নেমেছে। প্রথম ম্যাচ শেষে কোথাও স্পষ্ট হয়েছে ফেবারিটদের শক্তিমত্তা, কোথাও আবার জমে উঠেছে প্রতিযোগিতা। এক নজরে দেখে নেওয়া যাক গ্রুপগুলোর বর্তমান চিত্র।
গ্রুপ ‘এ’
নিজেদের বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করেছে স্বাগতিক মেক্সিকো। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে তারা উঠে গেছে গ্রুপের শীর্ষে। একই সংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া, যারা চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে। ফলে এই গ্রুপে প্রথম রাউন্ড শেষে এগিয়ে আছে দুই বিজয়ী দলই।
গ্রুপ ‘বি’
এই গ্রুপে এখন পর্যন্ত কেউ এগিয়ে যেতে পারেনি। সুইজারল্যান্ড-কাতার এবং কানাডা-বসনিয়া-হার্জেগোভিনা—দুটি ম্যাচই শেষ হয়েছে ১-১ সমতায়। ফলে চার দলেরই পয়েন্ট সমান। ফেয়ার প্লে সূচকে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড, তাদের পরেই কানাডা।
গ্রুপ ‘সি’
হাইতির বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে স্কটল্যান্ড। অন্য ম্যাচে মরক্কো ও ব্রাজিল ১-১ গোলে ড্র করায় দুই দলই পেয়েছে এক পয়েন্ট। ফেয়ার প্লে বিবেচনায় মরক্কো আছে দ্বিতীয় স্থানে, ব্রাজিল তৃতীয়।
গ্রুপ ‘ডি’
প্রথম ম্যাচেই নিজেদের শক্তি দেখিয়েছে যুক্তরাষ্ট্র। প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে তারা গ্রুপের শীর্ষে অবস্থান করছে। অন্য ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। ফলে তিন পয়েন্ট নিয়ে নকআউটের দৌড়ে ভালো অবস্থানে রয়েছে দুই দলই।
গ্রুপ ‘ই’
প্রথম রাউন্ডের সবচেয়ে বড় জয়গুলোর একটি এসেছে জার্মানির কাছ থেকে। কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপের শীর্ষে উঠে গেছে তারা। অন্য ম্যাচে আইভরি কোস্ট ১-০ গোলে হারিয়েছে ইকুয়েডরকে। তিন পয়েন্ট নিয়ে তারাও রয়েছে ভালো অবস্থানে।
গ্রুপ ‘এফ’
তিউনিসিয়ার বিপক্ষে ৫-১ গোলের বড় জয় তুলে নিয়ে গ্রুপের নেতৃত্বে রয়েছে সুইডেন। জাপান ও নেদারল্যান্ডসের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। সমান পয়েন্ট হলেও ফেয়ার প্লেতে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে জাপান।
গ্রুপ ‘জি’
এই গ্রুপে প্রতিযোগিতা সবচেয়ে জমজমাট বলা যায়। নিউজিল্যান্ড-ইরান এবং বেলজিয়াম-মিসর—দুটি ম্যাচই শেষ হয়েছে ২-২ সমতায়। ফলে চার দলেরই ঝুলিতে একটি করে পয়েন্ট। ফেয়ার প্লেতে নিউজিল্যান্ড শীর্ষে, ইরান দ্বিতীয়।
গ্রুপ ‘এইচ’
ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন শুরুতেই হোঁচট খেয়েছে। কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা। অন্য ম্যাচে উরুগুয়ে ও সৌদি আরব ১-১ গোলে সমতায় শেষ করে। গোল করা ড্রয়ের কারণে উরুগুয়ে ও সৌদি আরব যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। স্পেন আপাতত পিছিয়ে।
গ্রুপ ‘আই’
প্রথম ম্যাচেই দারুণ ছাপ রেখেছে নরওয়ে। ইরাককে ৪-১ গোলে হারিয়ে তারা গোল ব্যবধানে গ্রুপের শীর্ষে রয়েছে। ফ্রান্সও সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে তিন পয়েন্ট সংগ্রহ করেছে। ফলে দ্বিতীয় রাউন্ডে নরওয়ে-ফ্রান্স লড়াইয়ের দিকে বাড়তি নজর থাকবে।
গ্রুপ ‘জে’
আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। একই দিনে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। দুই দলেরই পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে আছে আর্জেন্টিনা।
গ্রুপ ‘কে’
উজবেকিস্তানের বিশ্বকাপ অভিষেকের দিনটি সুখকর হতে দেয়নি কলম্বিয়া। ৩-১ গোলের জয় নিয়ে তারা উঠে গেছে গ্রুপের শীর্ষে। অন্য ম্যাচে পর্তুগাল ও ডিআর কঙ্গো ১-১ গোলে ড্র করায় এক পয়েন্ট করে পেয়েছে দুই দল। ফেয়ার প্লেতে এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ডিআর কঙ্গো।
গ্রুপ ‘এল’
ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ইংল্যান্ড। ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচ শেষে তারা গ্রুপের শীর্ষে অবস্থান করছে। অন্য ম্যাচে ঘানা ১-০ গোলে হারিয়েছে পানামাকে। ফলে দ্বিতীয় স্থানে রয়েছে আফ্রিকান প্রতিনিধিরা।
প্রথম রাউন্ড শেষে কিছু দল নিজেদের অবস্থান শক্ত করেছে, আবার কিছু ফেবারিটকে এখনও ছন্দ খুঁজে পাওয়ার অপেক্ষায় আছে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো শেষ হলে নক-আউটের সমীকরণ আরও পরিষ্কার হতে শুরু করবে।
ঢাকা/নাভিদ