রামপুরায় গুলিবিদ্ধ ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ মারা গেছেন
ইয়াসিন খান পলাশ। ফাইল ফটো
ঢাকার রামপুরায় দুর্বৃত্তদের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’ (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (২০ জুন) রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, “গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথা থেকে গুলির অংশবিশেষ বের করা হলেও অবস্থার উন্নতি না হওয়ায় ১৫ জুন তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানেই তিনি মারা যান।”
এর আগে গত ১২ জুন জুমার নামাজ শেষে রামপুরায় বিটিভি ভবনের উল্টো দিকে নিজের বাসার নিচে দাঁড়িয়ে কথা বলার সময় পলাশকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। একটি গুলি তার মাথায় লাগে। হামলার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর পলাশের স্ত্রী মাহমুদা খানম হাতিরঝিল থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। এই মামলায় শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদ মন্টিসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ ও র্যাব এই ঘটনায় জড়িত সন্দেহে ইমাম ও ফেরদৌস নামে দুইজনকে গ্রেপ্তার করেছে।
যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলায় দণ্ডিত পলাশ দীর্ঘ প্রায় ২৫ বছর কারাভোগের পর মাত্র দেড় মাস আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। মুক্তির পর তিনি রামপুরার পশ্চিম রামপুরা এলাকার নিজ বাসাতেই অবস্থান করছিলেন।
ঢাকা/এমআর/ইভা