ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৪ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফেনী স্টেশনে মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, চরম ভোগান্তিতে যাত্রীরা

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ২০ জুন ২০২৬   আপডেট: ১২:১৪, ২০ জুন ২০২৬
ফেনী স্টেশনে মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, চরম ভোগান্তিতে যাত্রীরা

ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা

ফেনী রেলস্টেশনে মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় চাঁদপুর থেকে চট্টগ্রামগামী ট্রেনটি প্রায় দুই ঘণ্টা আটকে থাকে। এতে অন্তত ৮০০ যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ আরও তীব্র হয়ে ওঠে, অনেকেই স্টেশনে অপেক্ষা করে বিকল্প পরিবহনে গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

শনিবার (২০ জুন) সকাল ৮টা ২২ মিনিটের দিকে ট্রেনটি ফেনী জংশনে প্রবেশের সময় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। 

রেলওয়ে সূত্র জানায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি ফেনী স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিনের মোটরে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। একপর্যায়ে মোটরে আগুনের আভাস পাওয়া গেলে নিরাপত্তার স্বার্থে ট্রেনটি আর এগোতে দেওয়া হয়নি। দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় অনেক যাত্রী স্টেশনে নেমে বিকল্প পরিবহনের খোঁজ করতে থাকেন।

লাকসাম থেকে চট্টগ্রামগামী যাত্রী এনামুল হক বলেন, “সকাল ৭টা ১৫ মিনিটে ট্রেনে উঠেছি। ফেনীতে এসে দুই ঘণ্টার বেশি সময় ধরে বসে আছি। অনেক যাত্রী ট্রেন ছেড়ে সড়কপথে চলে যাচ্ছেন।”

আরেক যাত্রী রাশেদা বেগম বলেন, “এতক্ষণে চট্টগ্রামে পৌঁছে যাওয়ার কথা ছিল। দুই সন্তান নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এখানে আটকে পড়ে খুব ভোগান্তিতে পড়েছি।”

ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন জানান, চট্টগ্রাম থেকে বিকল্প ইঞ্জিন আনা হচ্ছে। সেটি ইতোমধ্যে ফৌজদারহাট অতিক্রম করেছে। ক্ষতিগ্রস্ত ইঞ্জিন অপসারণের পর মেঘনা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে।

তিনি বলেন, “ফেনী থেকে যেসব যাত্রীর এই ট্রেনে ওঠার কথা ছিল, তাদের কেউ কেউ টিকিট ফেরত দিয়ে বিকল্প পরিবহনে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন। তবে ট্রেনটি একটি লাইনে আটকে থাকলেও পাশের দুটি লাইন সচল থাকায় অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”

ঢাক/সাহাব/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়