শিশুদের গণিতচর্চার বিকল্প নেই: গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, “বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে শিশুদের গণিতচর্চার বিকল্প নেই।”
বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর সাতারকুলে (বাড্ডা) অবস্থিত গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের গণিতভিত্তিক দক্ষতা, যৌক্তিক চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়াতে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ম্যাথ ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।”
প্রতিমন্ত্রী বলেন, “বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও জ্ঞানভিত্তিক সমাজব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। এ বাস্তবতায় শিশুদের ছোটবেলা থেকেই গণিত, বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তায় দক্ষ করে গড়ে তোলা প্রয়োজন। সেই লক্ষ্য সামনে রেখে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আধুনিক ও আনন্দমুখর শিক্ষার পরিবেশ তৈরির অংশ হিসেবে ‘ম্যাথ ল্যাব’ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।”
তিনি বলেন, “গণিতভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের যৌক্তিক চিন্তাশক্তি বিকাশে সহায়তা করে এবং ভবিষ্যতে বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার ভিত্তি আরো শক্তিশালী করে। তাই প্রাথমিক পর্যায়েই এ ধরনের দক্ষতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।”
ববি হাজ্জাজ বলেন, “সরকারের শিক্ষা-ভিশন বাস্তবায়নের অংশ হিসেবে এমন একটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক কিংবা প্রযুক্তি উদ্ভাবক হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারবে। এ ক্ষেত্রে ‘ম্যাথ ল্যাব’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
তিনি আশা প্রকাশ করেন, “এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষা আরো আধুনিক, দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিবান্ধব হয়ে উঠবে। একই সঙ্গে স্মার্ট ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনের লক্ষ্য অর্জনেও এটি উল্লেখযোগ্য অবদান রাখবে।”
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/এসবি
হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০০৯