চাঁপাইনবাবগঞ্জে ২০০ জাতের আম নিয়ে মেলা
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
দুই শতাধিক জাতের আমের সমাহারে চাঁপাইনবাবগঞ্জে তিন দিনের আম মেলা শুরু হয়েছে।
দুই শতাধিক জাতের আমের সমাহারে চাঁপাইনবাবগঞ্জে তিন দিনের আম মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন, সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, জেলা কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক প্রমুখ।
মেলায় সরকারি ও বেসরকারি ১৭টি স্টলে আমভিত্তিক বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে। মেলার প্রধান আকর্ষণ হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দুই শতাধিক জাতের সুমিষ্ট আমের প্রদর্শনী। এছাড়াও অন্যান্য ফলও মেলায় স্থান পেয়েছে।
আয়োজকরা জানান, ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদনে কৃষকদের উৎসাহিত করাই এই মেলার মূল লক্ষ্য। মেলা ঘিরে দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী ২০ জুন এই আম মেলা শেষ হবে।
ঢাকা/গালিভ/বকুল
হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০০৯