স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় স্বামীর হাত-পা-মুখ বেঁধে এক সন্তানের জননীকে (২৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন চেয়ে পুলিশ আদালতে পাঠিয়েছে। এর আগে বুধবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে ৪ জনের নামসহ অজ্ঞাত আরো ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। সাহাব উদ্দিন একই উপজেলার আওয়াল মিয়ার ছেলে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে মামলার নথির বরাত দিয়ে বলেন, ঘটনার দিন (১৬ জুন) মধ্যরাতে স্বামীর সাথে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন ভুক্তভোগী। এ সময় আসামিরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। শব্দ শুনে চিৎকার দিলে স্বামীর হাত-পা-মুখ বেঁধে মারধর করে ওই নারীকে ঘর থেকে জোরপূর্বক উঠানে বের করে নিয়ে আসে আসামিরা। সেখানে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ করে। এক পর্যায়ে আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে ছুটে এলে আসামিরা পালিয়ে যায়।
আমিনুল ইসলাম বলেন, ঘটনার শিকার নারীকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একইসঙ্গে প্রধান আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
ঢাকা/মিলন//
হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০০৯