ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ৩ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফ্রান্সসহ তিন দেশে শুরু হচ্ছে এনআইডি কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ১৮ জুন ২০২৬  
ফ্রান্সসহ তিন দেশে শুরু হচ্ছে এনআইডি কার্যক্রম

ফাইল ছবি/সংগৃহীত

প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরো সম্প্রসারণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন উদ্যোগের অংশ হিসেবে ফ্রান্স, বাহরাইন ও সিঙ্গাপুরে এনআইডি কার্যক্রম চালুর প্রস্তুতি নিচ্ছে ইসি।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১৮ জুন) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব দেশে কার্যক্রম চালুর বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই দেশগুলোতে প্রতিনিধিদল পাঠানো হতে পারে।

ইসির তথ্য অনুযায়ী, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকাসহ ১৪টি দেশের ২৪টি স্টেশনে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রম চলছে।

এ পর্যন্ত এসব কেন্দ্র থেকে প্রায় এক লাখ আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ২০ হাজার প্রবাসী বাংলাদেশি ইতোমধ্যে এনআইডি পেয়েছেন।

ইসি কর্মকর্তারা জানান, প্রবাসীরা অনলাইনে আবেদন করার পর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে দূতাবাস বা নির্ধারিত কেন্দ্রে যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন এবং পরবর্তীতে এনআইডি সরবরাহ করা হয়।

প্রবাসী ভোটার নিবন্ধনের ক্ষেত্রে অনলাইনে পূরণকৃত ফরম, বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, জন্মনিবন্ধন সনদ এবং ছবি জমা দিতে হয়।

নতুন তিন দেশে কার্যক্রম শুরু হলে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার ও এনআইডি সেবা আরো সহজ হবে বলে মনে করছে ইসি।

ঢাকা/এমএসবি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়