‘বিদেশে কর্মসংস্থানে বছরে ১২ লাখ তরুণকে প্রশিক্ষণ দিচ্ছে সরকার’
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
‘‘বিদেশের বাজারে টিকতে হলে দক্ষ হাত লাগবে। এই মন্ত্রে দেশের ১২ লাখের বেশি যুবককে প্রশিক্ষণ দিচ্ছে সরকার।’’
সোমবার (৮ জুন) সংসদে এ তথ্য জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বর্তমানে ১১০টি টিটিসি ও মেরিন ইনস্টিটিউটে ৫৫টি ট্রেডে চলছে এই কর্মযজ্ঞ।
মন্ত্রী বলেন, দেশে বৈদেশিক কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়তে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ৬টি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটসহ মোট ১১০টি প্রতিষ্ঠান কাজ করছে। এ সব কেন্দ্র থেকে প্রতি বছর ১২ লাখের বেশি তরুণ প্রশিক্ষণ নিয়ে দেশে-বিদেশে কাজের সুযোগ পাচ্ছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন সোমবার (৮ জুন) সকালে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিচুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি চালু রয়েছে। এসব প্রতিষ্ঠানে ৫৫টি স্বল্প ও দীর্ঘমেয়াদি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্তরা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।
তিনি আরো বলেন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে ৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন প্রকল্প নেওয়া হয়েছে। মাদারীপুরের শিবচর উপজেলাও এই প্রকল্পে রয়েছে বলে জানান মন্ত্রী।
ঢাকা/এএএম/বকুল
২২ লাখ ক্ষুদে শিক্ষার্থীর ফুটবল টুর্নামেন্ট, ফাইনালে থাকবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন