ঢাকা     রোববার   ০৭ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩ || ২১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের বিশ্বকাপ দলের জন্য যুক্তরাষ্ট্রের কড়া নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ৭ জুন ২০২৬   আপডেট: ১৪:৫৯, ৭ জুন ২০২৬
ইরানের বিশ্বকাপ দলের জন্য যুক্তরাষ্ট্রের কড়া নিয়ম

চলতি বিশ্বকাপ ‍ফুটবলে অংশ নেওয়া ইরানের দলকে ম্যাচ খেলার দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে এবং খেলা শেষ করে ওই দিনই দেশত্যাগ করতে হবে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে রবিবার (৭ জুন) সাংবাদিকদের জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আবুলফজল পাসান্দিদেহ। খবর আনাদোলুর। 

আরো পড়ুন:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের বিশ্বকাপ দল বর্তমানে মেক্সিকোতে অবস্থান করছে। এর আগে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুসন শহরে দলটির একটি অনুশীলন ক্যাম্প করার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে।

রাষ্ট্রদূত আবুলফজল পাসান্দিদেহ মার্কিন ভিসা সংক্রান্ত কঠোর বিধিনিষেধের কথা উল্লেখ করে সাংবাদিকদের বলেন, “আমরা কেবল ম্যাচের দিন সকালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারব এবং খেলা শেষে ওই দিনই আমাদের ফিরে আসতে হবে।”

খেলার সূচি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের তিনটি গ্রুপ-পর্বের ম্যাচ খেলার কথা রয়েছে। এর মধ্যে দুটি ম্যাচ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এবং একটি ম্যাচ ওয়াশিংটনের সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছায়। এর জবাবে ইরানও ইসরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন দেশগুলোকে লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সঙ্গে বিশ্ব জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করে। 

গতমাসে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও, একটি স্থায়ী কূটনৈতিক সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা বর্তমানে অব্যাহত রয়েছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়