ট্রাক-বাসে পুশইনের চেষ্টা, ব্যর্থ করলো বিজিবি-গ্রামবাসী
লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লালমনিরহাটে বিজিবির সঙ্গে সীমান্ত পাহারা দেন গ্রামবাসী।
লালমনিরহাট পাটগ্রাম উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের (ঠেলে দেওয়া) দুটি বড় ধরনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও গ্রামবাসী। রবিবার (৭ জুন) ভোরে ও মধ্যরাতে বিজিবির কঠোর অবস্থানের কারণে পুশইনের জন্য নিয়ে আসা ব্যক্তিদের নিয়ে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। এই ঘটনার পর বিজিবি ও গ্রামবাসী একজোট হয়ে সীমান্ত পাহারা দিচ্ছেন।
স্থানীয় সূত্র জানায়, পানবাড়ি বিওপির আওতাধীন মেইন পিলার ৮১০-এর নিকটবর্তী গোলডাঙ্গা গেইট এলাকায় প্রথম পুশইনের চেষ্টা চালানো হয়। ৩০ ব্যাটালিয়ন বিএসএফের জিগাবাড়ি কোম্পানির একটি টহলদল তিনটি জিপ, একটি ট্রাক, একটি বাস এবং একটি পিকআপ ভ্যান ভর্তি বিপুলসংখ্যক মানুষকে পুশইনের জন্য বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে। ভারতীয় বাহিনী গেইট খোলার চেষ্টা করতেই শব্দ পেয়ে পানবাড়ি কোম্পানির বিজিবির তিনটি টহলদল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। বিজিবির শক্ত অবস্থান টের পেয়ে বিএসএফ সদস্যরা পুশইনের জন্য আনা ব্যক্তিদের গাড়ি বহরসহ দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
এদিকে, কলসিরমুখ বিওপির আওতাধীন মেইন পিলার ৮০৪/১৯-এস-এর নিকট তেলিয়াপাড়া গেইটে ৩০ ব্যাটালিয়ন বিএসএফের কলসিপাড়া ক্যাম্পের একটি দল ১০ থেকে ১৪ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করার জন্য নিয়ে আসে। ভোরের দিকে বিজিবির চোখ ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। গেইট খোলার শব্দ পাওয়া মাত্রই কলসিমুখ কোম্পানির বিজিবির দুটি টহলদল ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা পুশইনের জন্য নিয়ে আসা ব্যক্তিদের ভারতীয় সীমানার ভেতরে নিয়ে যায়।
রংপুর ৫১ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমান জানান, বিএসএফের জোড়া তৎপরতার পর সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে বিজিবি। পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল কার্যক্রম এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ বহুগুণ জোরদার করা হয়েছে। বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সীমান্তে বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে টহল দিচ্ছে। যেকোনো পরিস্থিতি ও উসকানি মোকাবিলায় বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
তিনি জানান, বর্তমানে সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিজিবির সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে।
ঢাকা/সিপন/মাসুদ