ঢাকা     রোববার   ০৭ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩ || ২১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‌‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে পুশইনের চেষ্টা বিএসএফের

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ৭ জুন ২০২৬   আপডেট: ১০:২৩, ৭ জুন ২০২৬
‌‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে পুশইনের চেষ্টা বিএসএফের

ফাইল ফটো

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে এক ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে বাংলাদেশে পুশইনের (ঠেলে পাঠানো) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয়দের তৎপরতা এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থানের কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। 

শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। বিজিবি ওই যুবককে শূন্যরেখায় ফিরিয়ে দিয়েছে।

আরো পড়ুন:

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, সীমান্তের প্রধান পিলার ৮৫৫ নম্বরের উপপিলার ৫ নম্বরের একদিকে বাংলাদেশের আজিজপুর সীমান্ত, অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পকেটপাড়া সীমান্ত এলাকা। শনিবার বিকেলে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাউয়াকামারী ক্যাম্পের একটি টহল দল কাঁটাতারের বেড়ার গেট খুলে আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবককে জোর করে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন বিজিবিকে খবর দেন। ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের কালীরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। 

সূত্র জানায়,  ওই যুবকের কথাবার্তা ও আচরণ অসংলগ্ন হওয়ায় প্রাথমিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হয়। এরপর বিজিবি সদস্যরা তাকে শূন্যরেখায় ফিরিয়ে দেন। এ সময় বিএসএফ সদস্যরা ওই যুবককে আবারো বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় জনতা একজোটে তা প্রতিহত করে। 

নাম প্রকাশ না করার শর্তে কালীরহাট বিজিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পুশইনের চেষ্টার বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইতিমধ্যেই বিএসএফের দাউয়াকামারী ক্যাম্পের কমান্ডারকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ওই যুবককে তাদের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে।

ঢাকা/সিপন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়