ময়মনসিংহে ট্রাকসহ বেইলি সেতু নদীতে
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ট্রাকসহ রবিবার ভোরে কংশ নদীতে ভেঙে পড়ে সেতুটি।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা এলাকায় কংশ নদীর ওপর থাকা বেইলি ব্রিজ বালুবোঝাই ট্রাকসহ নদীতে ভেঙে পড়েছে। এ ঘটনায় ধোবাউড়ার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রবিবার (৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ব্রিজটি ধসে পড়ে। এ ঘটনায় ট্রাকটির চালক ও সহকারী আহত হন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন আগে সেতুটি ঝুঁকিপূূর্ণ ঘোষণা করা হলেও তা পুনঃনির্মাণের কোনো উদ্যোগ নেয়া হয়নি। সেতুটি এখন ভেঙে যাওয়ায় জরুরি সেবা, পণ্য পরিবহনসহ সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সেতুটি ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
ঢাকা/মিলন/মাসুদ