ঢাকা     রোববার   ০৭ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩ || ২১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রে উৎসবের মধ্যে গোলাগুলি, আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ৭ জুন ২০২৬   আপডেট: ১৪:১৩, ৭ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রে উৎসবের মধ্যে গোলাগুলি, আহত ১২

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে গ্রীষ্মকালীন একটি উৎসবে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। 

রবিবার (৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

আরো পড়ুন:

টলেডো পুলিশ বিভাগের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার বিকেল আনুমানিক ৫:৩৭ মিনিটে ওল্ড ওয়েস্ট ইন্ড ফেস্টিভ্যাল প্রাঙ্গণের কাছে গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

টলেডোর ডেপুটি পুলিশ প্রধান জো জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে দুজন ব্যক্তি একে অপরকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। আর এতেই উৎসবের সাধারণ মানুষজন হতাহত হন। হামলার শিকার ব্যক্তিদের বয়স ১৬ থেকে ৬১ বছরের মধ্যে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা স্থিতিশীল, আর বাকি ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, আকস্মিক গুলির শব্দে মানুষ আতঙ্কিত হয়ে চিৎকার করতে করতে চারদিকে ছুটে পালাচ্ছেন। অন্য কিছু ভিডিওতে উৎসবের তাঁবুর পাশে ঘাসের ওপর আহতদের পড়ে থাকতে এবং দুজনকে স্ট্রেচারে করে নিয়ে যেতে দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম ঐতিহাসিক জেলা উদযাপন হিসেবে দুই দিনব্যাপী আয়োজিত ওল্ড ওয়েস্ট ইন্ড ফেস্টিভ্যালে লাইভ মিউজিক, ফুড স্টল, শপিং স্টলসহ আরো অনেক কিছুর আয়োজন ছিল। উৎসবের যে মোড়ে গান ও খাবারের ব্যবস্থা ছিল, ঠিক সেখানেই এই হামলার ঘটনা ঘটে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ওহাইওর গভর্নর মাইক ডিওয়াইন এক বিবৃতিতে বলেন, “গ্রীষ্মকালীন উৎসবগুলো পরিবারের জন্য সহিংসতার ভয়হীন একটি নিরাপদ জায়গা হওয়া উচিত। এই কাণ্ডজ্ঞানহীন অপরাধের সঙ্গে জড়িতদের আইন প্রয়োগকারী সংস্থা দ্রুত খুঁজে বের করবে বলে আমি বিশ্বাস করি।”

ঘটনার পর পুরো এলাকা জুড়ে তল্লাশি ও তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়