তিন ঘণ্টা পর চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
রবিবার সকালে বারৈয়ারহাট রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনা ঘটে
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষের তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধার কাজ শেষে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আজ সকাল সাড়ে ৯টার দিকে বারৈয়ারহাট রেলক্রসিংয়ে রেললাইনে উঠে পড়া একটি বালুবাহী ট্রাককে ধাক্কা দেয় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন। ফলে চট্টগ্রাম-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
আরো পড়ুন: রেললাইনে উঠে পড়া ট্রাকে পাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কা, বন্ধ ট্রেন চলাচল
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, “ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষে রেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। দ্রুত উদ্ধার কাজ চালিয়ে তিন ঘণ্টার মধ্যেই আপ লাইন ও ডাউন লাইন সচল করা হয়। এখন উভয় লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”
চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান বলেন, “পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে বালুবাহী ট্রাকটি রেললাইনের ওপর কাত হয়ে পড়ে। এতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
ঢাকা/রেজাউল/মাসুদ