সৌদি আরবে হাসপাতালে ভর্তি ২২, দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি
ফাইল ফটো
পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি। ফিরতি ফ্লাইট কার্যক্রম চলমান থাকলেও বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন হজযাত্রী। এদিকে, চলতি হজ মৌসুমে এ পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যুর তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
রবিবার (৭ জুন) নয়টি ফ্লাইটে দেশে প্রত্যাবর্তন করবেন আরো ৩,৬৪৬ জন। এর মাধ্যমে অর্ধেকেরও বেশি হাজি দেশে পৌঁছে যাবেন। বাকি হাজিরা পর্যায়ক্রমে ফ্লাইট সিডিউল অনুসারে দেশে ফিরবেন। ১ জুলাই হজের ফিরতি ফ্লাইট শেষ হবে।
রবিবার ধর্ম মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।
দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক হাজি জানিয়েছেন তাদের হজের অনুভূতি ও অভিজ্ঞতার কথা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৌদি সরকারের সার্বিক হজ ব্যবস্থাপনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তারা। সরকারি মাধ্যমে হজ পালনকারী হাজিরাও সরকারি ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং মানুষকে সরকারি মাধ্যমে হজ পালনের পরামর্শ দিয়েছেন।
গতকাল (শনিবার) পর্যন্ত মক্কা ও মদিনার বাংলাদেশ হজ মিশন মেডিকেল সেন্টার হতে স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে ৫৮,০৪৯টি। এছাড়া, সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৯৮ জন। এবছর হজ পালনে এসে এ পর্যন্ত মারা গেছেন ৪৮ জন। সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে এখন ভর্তি আছেন ২২ হজযাত্রী।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা