দুইজন নিহতের ঘটনায় পলাতক বাসচালক গ্রেপ্তার
কেরাণীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
গ্রেপ্তার বাসচালক মনিরুল ইসলাম।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে বাস চালিয়ে দুইজনকে নিহত ও ছয়জনকে আহত করার ঘটনায় পলাতক বাসচালক মনিরুল ইসলামকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৫ জুন) বিকেল ৪টার দিকে মাগুরা সদর উপজেলার শক্রজিৎপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (৭ জুন) সকালে র্যাব-১০-এর মিডিয়া সেলের সহকারী পরিচালক তাপস কর্মকার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তার মনিরুল দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় দায়ের হওয়া সড়ক পরিবহন আইনের মামলায় অভিযুক্ত। তার বাড়ি মাগুরা সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায়।
র্যাব জানায়, গত ৩ জুন দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনের একটি গাড়িকে গোল্ডেন লাইন পরিবহনের বাস ধাক্কা দিলে ছয়জন কর্মী আহত হন।তাদের মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জামাল হাওলাদার (৪১) ও মাহফুজ মোল্লাকে (৩০) মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনের পেট্রোল ম্যানেজার আমিনুর রহমান দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা করেন।
দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া চালককে গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
ঢাকা/শিপন/মাসুদ