সত্যি মা হতে যাচ্ছেন সোহিনী?
সোহিনী সরকার
আগামী ১৫ জুলাই, বিয়ের দুই বছর পূর্ণ করবেন অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গাঙ্গুলি। এরই মধ্যে গুঞ্জন উড়ছে, মা-বাবা হতে যাচ্ছেন এই তারকা জুটি।
সোহিনীর মা হওয়ার গুঞ্জনে টলিপাড়া মুখরিত হলেও এখনো নীরব এই তারকা জুটি। ভারতীয় একটি গণমাধ্যম এ বিষয়ে কথা বলতে শোভন গাঙ্গুলির সঙ্গে যোগাযাগ করেন। কিন্তু এ শিল্পীল কাছ থেকে কোনো সদুত্তর মেলেনি।
তবে একটি সূত্র বলছে, “খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। চলতি বছরই মা-বাবা হবেন সোহিনী-শোভন। কিন্তু এখনই তারা এই বিষয়ে কোনো কিছু প্রকাশ্যে আনতে চান না। এ নিয়ে আর পাঁচজনের মতোই তারাও খুব সাবধানী।”
মডেল-অভিনেতা রণজয়ের সঙ্গে লিভ-ইন সম্পর্কের ইতি টানার পর গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে জড়ান সোহিনী সরকার। কয়েক মাস আগে গুঞ্জন রটেছিল, বিদেশে ছুটি কাটাতে গিয়ে বাগদান সেরেছেন এই যুগল। যদিও এই গুঞ্জন ‘মিথ্যা’ বলে দাবি করেন সোহিনী। তবে গুঞ্জন সত্যি করে, ২০২৪ সালের ১৫ জুলাই সাতপাকে বাঁধা পড়েন তারা।
২০০৬ সালে টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন সোহিনী সরকার। তারপর ‘ওগো বধূ সুন্দরী’, ‘অদ্বিতীয়া’, ‘ভূমিকন্যা’ ধারাবাহিকে অভিনয় করেন। তবে ২০১১ সালে ‘অদ্বিতীয়া’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে নজর কাড়েন তিনি।
২০১৩ সালে ‘রূপকথা নয়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে সোহিনী সরকারের। একই বছর ‘ফড়িং’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি। এক বছরের বিরতি নিয়ে ‘ওপেন টি বায়োস্কোপ’ সিনেমায় অভিনয় করেও খ্যাতি কুড়ান।
তারপর ‘রাজকাহিনী’, ‘হর হর ব্যোমকেশ’, ‘বিবাহ ডায়েরিজ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। ২০১৯ সালে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন এই নায়িকা। বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ফেরা’।
ঢাকা/শান্ত