‘আমাদের কিন্তু দা-কুড়াল সম্পর্ক না’
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
এক ফ্রেমে শাবনূর-পূর্ণিমা
নব্বইয়ের দশকে ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা ছিলেন শাবনূর ও পূর্ণিমা। সমসাময়িক সময়ে শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে থাকায় তাদের সম্পর্ক নিয়ে দর্শকদের একাংশের মধ্যে নানা জল্পনা-কল্পনা ছিল দীর্ঘদিন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সেই ধারণাকে নতুন করে আলোচনায় এনেছে।
নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে শাবনূরের সঙ্গে কাটানো একটি পুরোনো মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন পূর্ণিমা। ভিডিওটির সঙ্গে তিনি লিখেছেন, শাবনূর শুধু একজন সফল তারকাই নন, একজন অসাধারণ মনের মানুষও।
পোস্টে পূর্ণিমা লেখেন, “কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ। ২-৩ বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি।”
তিনি আরো লেখেন, “বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ। আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।”
তবে ভিডিওটির সবচেয়ে আলোচিত অংশ ছিল শাবনূরের একটি মন্তব্য। ক্যামেরার সামনে হাসতে হাসতে তিনি বলেন, “দেখো, আমাদের কিন্তু একদম দা-কুড়াল সম্পর্ক না!”
শাবনূরের এই মন্তব্যকে ঘিরেই নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন ধরে দুই নায়িকার সম্পর্ক নিয়ে প্রচলিত নানা গুঞ্জনের জবাব যেন এক বাক্যেই দিয়ে দিয়েছেন তিনি।
ভিডিওটি প্রকাশের পর ভক্তদের অনেকেই নস্টালজিয়ায় ভাসছেন। তাদের মতে, নব্বইয়ের দশকের দুই জনপ্রিয় তারকাকে একসঙ্গে দেখে পুরোনো দিনের স্মৃতি ফিরে এসেছে। একইসঙ্গে পর্দার প্রতিযোগিতার বাইরে দুই শিল্পীর পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের বিষয়টিও সামনে এসেছে নতুনভাবে।
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে শাবনূর ও পূর্ণিমা দুজনই নিজ নিজ অবস্থানে সফল ও জনপ্রিয়। সময়ের সঙ্গে সিনেমার ধারা বদলালেও দর্শকের কাছে তাদের আবেদন এখনো অটুট। আর সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও যেন সেই জনপ্রিয়তার পাশাপাশি দুই তারকার আন্তরিক সম্পর্কের কথাও নতুন করে মনে করিয়ে দিল।
ঢাকা/জান্নাত
২২ লাখ ক্ষুদে শিক্ষার্থীর ফুটবল টুর্নামেন্ট, ফাইনালে থাকবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন