ঢাকা     সোমবার   ০৮ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩ || ২৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভিক্ষার জন্য শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, ৩ শিশু উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ৮ জুন ২০২৬   আপডেট: ১৯:২৮, ৮ জুন ২০২৬
ভিক্ষার জন্য শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, ৩ শিশু উদ্ধার

রেলওয়ে পুলিশের সঙ্গে অপহরণের শিকার হওয়া ৩ শিশু

ভিক্ষা ব্যবসার জন্য শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী অপহরণ করা তিন শিশুকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ জুন) বেলা সাড়ে ৩টায় পোড়াদহ রেলওয়ে থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমদ মইনুল হাসান। 

গ্রেপ্তার হওয়া দুই অপহরণকারী হলেন— কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাটদহ চর গ্রামের ফতে আক্তার ও শাহনাজ বেগম।

সংবাদ সম্মেলনে রেলওয়ের পুলিশ সুপার জানান, গ্রেপ্তার দুই নারী ভিক্ষা ব্যবসার জন্য শিশু অপহরণ চক্রের সদস্য। তারা বিভিন্ন কৌশলে শিশুদের অপহরণ করে অন্যত্র বিক্রি করে দেয়। পরে সেই চক্রের সদস্যরা রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন জনবহুল এলাকায় ওই শিশুদের দিয়ে ভিক্ষা করায়।

তিনি জানান, গত ২৭ এপ্রিল সকালে পোড়াদহ রেলওয়ে জংশন এলাকা থেকে সিফাত (১০) ও মোমিন (৯) নামের দুই শিশুকে সুকৌশলে অপহরণ করা হয়। অপহরণকারীরা ট্রেনে করে শিশু দুটিকে যশোর নিয়ে ২০ হাজার টাকায় বিক্রি করে দেয়। 

সিফাতের মা জামালপুরের ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামের শেফালী আক্তার। তিনি ৬ জুন পোড়াদহ রেলওয়ে থানায় একটি মামলা করেন। ওই মামলায় ফতে আক্তারকে সন্দেহভাজন আসামি করা হয়। পরে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি শিশু অপহরণের কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী অপর অপহরণকারী শাহনাজ বেগমকে গ্রেপ্তার করা হয়।

পরে এ দুজনের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে পুলিশ জানতে পারে, কিছু দিন স্টেশনে ভিক্ষা করা তিনটি শিশুকে পুলিশ আটক করে রাজধানীর একটি বেসরকারি শিশু পুনর্বাসন কেন্দ্রে হস্তান্তর করেছে। পরে পোড়াদহ স্টেশন থেকে অপহৃত দুই শিশুসহ মোট তিন শিশুকে ওই সংস্থা থেকে উদ্ধার করে পুলিশ। 

অপহরণের শিকার তৃতীয় শিশুটির বাড়িও কুষ্টিয়ায় বলে জানিয়েছেন পুলিশ সুপার। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

ঢাকা/কাঞ্চন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়