ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস প্রত্যাহার
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস (শেয়ার দরের সর্বনিম্ন সীমা) প্রত্যাহার করেছে। বাজারে লেনদেনের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামীকাল মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সোমবার (৮ জুন) বিএসইসির বিশেষ কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ফ্লোর প্রাইস হলো শেয়ারের দামের সর্বনিম্ন সীমা। এর নিচে শেয়ারের দাম নামতে পারবে না। করোনা মহামারির শুরুর পর শেয়ারদর যেন অস্বাভাবিকভাবে কমতে না পারে, সেজন্য ফ্লোর প্রাইস আরোপ করে কমিশন। করোনার সময়কালে বাজারে শেয়ারের অস্বাভাবিক পতন ঠেকাতে ২০২০ সালের ১৯ মার্চ এ পদক্ষেপ নেয় বিএসইসি। পরে বিভিন্ন কোম্পানির শেয়ারে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়। তখন ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ওপর আরোপ করা ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়নি, আজ সোমবারের বিশেষ কমিশন সভায় প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম জানান, ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস প্রত্যাহার করেছে কমিশন। এ সংক্রান্ত একটি আদেশ আজ জারি করা হবে। মঙ্গলবার (৮ জুন) থেকে ফ্লোর প্রাইস ছাড়াই ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ার লেনদেনে হবে বলে জানান তিনি।
আজ বেক্সিমকোর শেয়ারে ১১০.১০ টাকা এবং ইসলামী ব্যাংকের শেয়ারে ৩২.৬০ টাকা ফ্লোর প্রাইস ছিল।
বিএসইসির মুখপাত্র ব্যাখ্যা দিয়ে বলেছেন, সেকেন্ডারি মার্কেটে ফ্লোর প্রাইস (সর্বনিম্ন মূল্যসীমা) আরোপ করা কোনো আন্তর্জাতিক বা স্ট্যান্ডার্ড নিয়ম নয়। যেকোনো সিকিউরিটিজের দাম এবং কেনাবেচা সম্পূর্ণভাবে বিনিয়োগকারীদের চাহিদা (ডিমান্ড) ও জোগানের (সাপ্লাই) ওপর ভিত্তি করে হওয়া উচিত। কোনো নির্দিষ্ট শেয়ারে কৃত্রিমভাবে ফ্লোর প্রাইস ধরে রাখা এই বাজারের স্বাভাবিক নিয়মের পরিপন্থী। তাই কমিশন বৈশ্বিক স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুসরণের লক্ষ্যে ফ্লোর প্রাইস তুলে দিয়েছে।
ঢাকা/নাজমুল/বকুল/
হাম ও উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু