ঢাকা     সোমবার   ০৮ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩ || ২২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চুক্তিভিত্তিক দুই প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন করবে বিডি থাই ফুড

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪২, ৮ জুন ২০২৬  
চুক্তিভিত্তিক দুই প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন করবে বিডি থাই ফুড

চুক্তিভিত্তিক দুই প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ। এ লক্ষ্যে সজীব গ্রুপ ও এভারগ্রীন বেভারেজ লিমিটেডের সঙ্গে পৃথক দুটি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং চুক্তিতে পৌঁছেছে বিডি থাই ফুড। উৎপাদন সক্ষমতার পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে পারলে কোম্পানির মুনাফা বাড়বে বলে জানিয়েছে বিডি থাই ফুডের পর্ষদ।

সোমবার (৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

তথ্যমতে, চুক্তিভিত্তিক সজীব গ্রুপ তাদের ‘উইংস’ ব্র্যান্ডের কার্বনেটেড সফট ড্রিংকস এবং এভারগ্রীন বেভারেজ ‘সানক্রেস্ট’ ব্র্যান্ডের কার্বনেটেড সফট ড্রিংকস উৎপাদন করবে বিডি থাই ফুডের কারখানায়। এজন্য দুই প্রতিষ্ঠান বিডি থাই ফুডকে চুক্তি অনুযায়ী উৎপাদন চার্জ পরিশোধ করবে। চুক্তিভিত্তিক উৎপাদিত পণ্য থেকে প্রাপ্ত অর্থ বিডি থাই ফুডের কারখানার ইউটিলিটি ব্যয়, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও মজুরি, ফ্যাক্টরি ওভারহেড এবং আর্থিক ব্যয় নির্বাহে ব্যবহার করা হবে।

কোম্পানিটি জানায়, এই দুই চুক্তির ফলে তাদের কোমল পানীয় উৎপাদন লাইনের ৭০ শতাংশ সক্ষমতা ব্যবহার হবে। বাকি ৩০ শতাংশ সক্ষমতায় কোম্পানির নিজস্ব ‘নেকটার’ ব্র্যান্ডের পণ্য উৎপাদন করা হবে। ফলে কারখানার সিএসডি উৎপাদন লাইন শতভাগ সক্ষমতায় পরিচালিত হবে।

পরিচালনা পর্ষদের প্রত্যাশা, উৎপাদন সক্ষমতার পূর্ণ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে কোম্পানির আয় ও মুনাফা বাড়বে। একই সঙ্গে শেয়ারধারী ও অন্যান্য অংশীজনদের স্বার্থ আরো ভালোভাবে সুরক্ষিত হবে।

ঢাকা/নাজমুল/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়