ঢাকা     সোমবার   ০৮ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩ || ২২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রামপুরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ৮ জুন ২০২৬   আপডেট: ১৬:৪০, ৮ জুন ২০২৬
রামপুরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরায় চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে এক ঘণ্টারও বেশি সময় যান চলাচল ব্যাহত হয়েছে।

কোনো ঘোষণা ছাড়াই চাকরি থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে সোমবার (৮ জুন) দুপুরে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে অবস্থান নেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
জানা গেছে, ‘টেক্সাস ড্রেসেস লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক কর্মসূচিতে অংশ নেন। তাদের অবস্থানের কারণে মালিবাগ-রামপুরা-বাড্ডা সড়কের একপাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে তীব্র গরমের মধ্যে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

আরো পড়ুন:

আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, শ্রম আইন অনুসরণ না করেই কারখানা কর্তৃপক্ষ ১৪৭ জন শ্রমিককে চাকরি থেকে ছাঁটাই করেছে। পাশাপাশি বকেয়া পাওনা পরিশোধ বা পূর্বনোটিশ দেওয়ার মতো নিয়মও মানা হয়নি। এ কারণে তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন বলে দাবি করেন।

শ্রমিকরা চাকরিতে পুনর্বহালসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল, হয়রানি বন্ধ, পূর্বের নিয়মে কারখানা পরিচালনা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং চাকরির স্থায়িত্বের নিশ্চয়তা প্রদান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হারুন অর রশীদ জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরে তাদের প্রতিনিধিরা শ্রম অধিদপ্তরে আলোচনার জন্য গেছেন।

তিনি আরো জানান, অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং রামপুরা সড়কে যানবাহন চলাচল স্বাভাবিকভাবে চলছে।

ঢাকা/মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়