ঢাকা     সোমবার   ০৮ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩ || ২২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভাইয়ের মৃত্যুর শোকে মারা গেলেন বোন, পাশাপাশি দাফন

গাজীপুর পূর্ব প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ৮ জুন ২০২৬   আপডেট: ১৬:৫৪, ৮ জুন ২০২৬
ভাইয়ের মৃত্যুর শোকে মারা গেলেন বোন, পাশাপাশি দাফন

আনিসুর রহমান ও রাশিদা আক্তারের জানাজায় অংশ নেন হাজারো মানুষ

গাজীপুরের শ্রীপুরে এক হৃদয়স্পর্শী ঘটনার জন্ম দিয়েছে দুই সহোদরের মৃত্যু। জীবনের দীর্ঘ পথ একসঙ্গে পাড়ি দেওয়া ভাই-বোন শেষ যাত্রাতেও রইলেন পাশাপাশি। চারবারের নির্বাচিত সাবেক পৌর মেয়র ও বর্ষীয়ান রাজনীতিক আলহাজ আনিসুর রহমানের মৃত্যুর শোক সইতে না পেরে ছোট বোন রাশিদা আক্তারও মারা গেছেন। একই দিনে দুই ভাই-বোনের বিদায়ে পুরো এলাকায় নেমে এসেছে শোকের আবহ।

সোমবার (৮ জুন) সকালে শ্রীপুর উপজেলার মাধখলা এলাকায় বাড়ির পাশের স্কুল মাঠে হয় তাদের জানাজা। প্রথমে আনিসুর রহমান এবং পরে রাশিদা আক্তারের জানাজা হয়। জানাজায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ সমবেত হন। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় ভাই-বোনকে।

জানাজায় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা। অনেকেই এ ঘটনাকে বিরল বলে মন্তব্য করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন আনিসুর রহমান। রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে ছোট বোন রাশিদা আক্তার গভীর মানসিক আঘাত পান। কিছু সময়ের মধ্যেই তার স্ট্রোক হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের ভাষ্য, আনিসুর রহমান ও রাশিদা আক্তার ছিলেন অত্যন্ত ঘনিষ্ঠ। বয়সের ব্যবধান কম হওয়ায় ছোটবেলা থেকেই তাদের সম্পর্ক ছিল বন্ধুর মতো। সুখ-দুঃখ, পারিবারিক অনুষ্ঠান কিংবা জীবনের নানা অধ্যায়ে একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গী ছিলেন তারা। সেই বন্ধনের পরিণতিই যেন দেখা গেল মৃত্যুতেও।

একই দিনে দুই সহোদরের বিদায়ে শুধু একটি পরিবার নয়, শোকাহত হয়েছে পুরো শ্রীপুর। জানাজাস্থলে উপস্থিত অনেকের চোখেই ছিল অশ্রু, আর মুখে মুখে উচ্চারিত হচ্ছিল একটি কথা— যে ভাই-বোন জীবনে একে অপরকে ছেড়ে থাকতে পারেননি, মৃত্যুতেও তারা রইলেন পাশাপাশি।

ঢাকা/রফিক সরকার/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়