স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সুবিপ্রবির শিক্ষার্থীদের ক্লাস বর্জন
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুবিপ্রবির শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন।
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা।
সোমবার (৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস আকরম আলী দাখিল মাদ্রাসায় অবস্থান করে বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সরকার সংশ্লিষ্টদের আশ্বাস ছাড়া সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
আন্দোলনকারী জানান, ২০২০ সালে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের আইন পাস হয়ে ২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষাবর্ষ পাঠ কার্যক্রম চলমান ও নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। প্রতিষ্ঠার পাঁচ বছরেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা যায়নি।
তারা বলেন, জেলার শান্তিগঞ্জের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের অস্থায়ী ক্যাম্পাসে পাঠ কার্যক্রম করতে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়। তাছাড়া স্থায়ী ক্যাম্পাস না থাকায় শিক্ষার্থীরা একাডেমিক ও প্রশাসনিক সকল ধরনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এতে মানসম্মত শিক্ষা গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।
দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে সিদ্ধান্ত না হলে আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ চলাকালে আন্দোলন থেকে শিক্ষার্থীদের সরে আসতে আহ্বান করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নিজাম উদ্দিন।
ঢাকা/মনোয়ার/বকুল
হাম ও উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু