ঢাকা     রোববার   ০৭ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩ || ২২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বকেয়া পরিশোধ ছাড়াই পোশাক কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১১, ৭ জুন ২০২৬  
বকেয়া পরিশোধ ছাড়াই পোশাক কারখানা বন্ধ ঘোষণা

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা। কাজে যোগ দিতে এসে তারা দেখতে পান কারখানার প্রধান ফটকে ঝুলছে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণার নোটিশ। বেতন-ভাতা ও অন্যান্য পাওনা পরিশোধ ছাড়াই এমন সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রবিবার (৭ জুন) সকালে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ১ নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকায় অবস্থিত কোরটেক্স অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। কারখানাটিতে কর্মরত কয়েকশত শ্রমিক হঠাৎ এ ঘোষণার খবর পেয়ে ফটকের সামনে জড়ো হন এবং নিজেদের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

আরো পড়ুন:

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিনের শ্রমের বিনিময়ে প্রাপ্য বেতন-ভাতা এবং অন্যান্য আর্থিক পাওনা পরিশোধ না করে কর্তৃপক্ষ কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এতে তাদের পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়েছে। তারা অবিলম্বে বকেয়া পরিশোধ এবং কারখানা পুনরায় চালুর দাবি জানান।

কারখানা বন্ধের খবর দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর এসআই ইব্রাহিম জানান, সকালে শ্রমিকদের উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কারখানার গেটে বন্ধের নোটিশ দেখতে পাওয়া গেছে। শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

শ্রমিকদের অভিযোগের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। 

ঢাকা/রফিক/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়