ইরানযুদ্ধে নিয়োজিত সেনাদের প্রত্যাহার করবেন না ট্রাম্প
মাার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে চলমান যুদ্ধ ‘সম্পূর্ণ না হওয়া পর্যন্ত’ তিনি সেখানে নিয়োজিত প্রায় ৫০ হাজার সেনাকে প্রত্যাহার করার পরিকল্পনা করছেন না।
এনবিসি চ্যানেলে শুক্রবার রেকর্ড করা এবং রবিবার প্রকাশিত একটি বিস্তৃত সাক্ষাৎকারে ট্রাম্প ‘মিট দ্য প্রেস’-এর সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকারকে বলেন, “আমি (সেনারা) বিপদে আছে বলে মনে করি না। আমাদের কাছে এখন পর্যন্ত দেখা সেরা প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আমাদের কাছে এখন পর্যন্ত দেখা সেরা আক্রমণ ব্যবস্থা আছে। তাই আমি এটিকে বিপদ বলে মনে করি না।”
ট্রাম্প আরো বলেন, “আমি বলব এটা করাটা বোকামি হবে, কারণ হয়তো আমাদের তাদের ব্যবহার করতে হতে পারে।”
ট্রাম্প ইরান অভিযানে হতাহতের সংখ্যাকে ভিয়েতনামে মার্কিন যুদ্ধের সঙ্গে তুলনা করেন, যে যুদ্ধে যুক্তরাষ্ট্র ৫৮ হাজারেরও বেশি সেনা হারিয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা এখানে ১৩ জনকে হারিয়েছি এবং এটা অনেক। ১৩ জন, অনেক বেশি। কিন্তু, আপনি যদি ভিয়েতনামের দিকে তাকান, যেখানে লাখ লাখ মানুষ নিহত হয়েছিল, যদি আপনি গত সাত-আটটি যুদ্ধের যেকোনো একটির দিকে তাকান যেখানে বহু মানুষ নিহত হয়েছিল, আমরা হারিয়েছি ১৩ জন। এবং আবারও বলছি, ১৩ জন অনেক বেশি। আমি কাউকে হারাতে চাই না। কিন্তু ১৩ সংখ্যাটি তার চেয়ে কম, যা কেউ কখনো কল্পনাও করেনি। আমি মনে করি আমরা খুব ভালো কাজ করছি।”
ঢাকা/শাহেদ