আসামি ধরতে গিয়ে হামলায় আহত ৩ ডিবি সদস্য
নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মামলার আসামি গ্রেপ্তারে অভিযান চালাতে গিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য হামলায় আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে ডিবি সদস্যদের ওপর এ হামলা হয়। আহতরা হলেন- সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মামুন মাতুব্বর, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমান উল্লাহ ও কনস্টেবল কবির আহম্মেদ।
বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি মামলার আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে যায়। এ সময় আসামিপক্ষের লোকজন জড়ো হয়ে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তিন ডিবি সদস্যকে একটি পিকআপ ভ্যানে তুলে তাদেরকে আড়াইহাজারের শান্তিনগর বাজারে নেওয়া হয়। সেখানে আবারও তাদেরকে মারধর করা হয়। খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেন বলেছেন, আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ইউনিফর্ম না থাকায় তারা জনরোষের শিকার হন। তদন্তের পর ঘটনার বিস্তারিত বলা যাবে। কনস্টেবল আকাশ হামলার সময় পাশের একটি ওয়াশরুমে থাকায় তিনি হামলা থেকে বেঁচে যান। তাদের ব্যবহৃত মাইক্রোবাস আড়াইহাজার থানার হেফাজতে আছে।
ঢাকা/অনিক/রফিক
হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০০৯