পাদুকা শিল্পে ভ্যাট প্রত্যাহার দাবি
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পাদুকা শিল্পে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি। সংগঠনটির নেতারা বলেছেন, নিম্নআয়ের মানুষের ব্যবহৃত স্বল্পমূল্যের পাদুকার ওপর ভ্যাট বহাল থাকলে এ খাতের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। এতে শিল্পটির সঙ্গে সংশ্লিষ্ট লক্ষাধিক শ্রমিকের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে এবং দেশীয় বাজার বিদেশি পণ্যের দখলে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
রবিবার (৩ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির সভাপতি হাজী ফজলু বলেন, ‘‘দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বল্পমূল্যের পাদুকা একটি নিত্যপ্রয়োজনীয় পণ্য। একজন রিকশাচালক, দিনমজুর বা কৃষকের কাছে অতিরিক্ত ১০ থেকে ১৫ টাকার চাপও বড় বিষয়। ভ্যাট আরোপের ফলে এসব পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।’’
তিনি বলেন, ‘‘দেশে উৎপাদিত স্বল্পমূল্যের পাদুকা মূলত নিম্নআয়ের মানুষের চাহিদা পূরণ করে। এই খাতে ভ্যাট আরোপ অব্যাহত থাকলে ছোট ও মাঝারি কারখানাগুলো টিকতে পারবে না। ইতোমধ্যে অনেক কারখানা উৎপাদন কমিয়েছে, কিছু কারখানা বন্ধও হয়ে গেছে। এর ফলে শ্রমিকরা চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন।’’
সমিতির আইন উপদেষ্টা ব্যারিস্টার তাইফুল সিরাজ বলেন, ‘‘২০১৬ সাল থেকে ২০২৫ সালের ৮ জানুয়ারি পর্যন্ত ১৫০ টাকা মূল্যের হাওয়াই চপ্পল ও পাদুকার ওপর ভ্যাট অব্যাহতি ছিল। কিন্তু ২০২৫ সালের ৯ জানুয়ারি থেকে এ সুবিধা প্রত্যাহার করে ভ্যাট আরোপ করা হয়। এর ফলে একদিকে নিম্নআয়ের মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে, অন্যদিকে দেশীয় উৎপাদন ব্যাহত হচ্ছে।’’
সংবাদ সম্মেলনে নেতারা আরও বলেন, এই শিল্পে ব্যবহৃত কাঁচামালের বড় অংশ পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক থেকে সংগ্রহ করা হয়। ফলে শিল্পটি শুধু কর্মসংস্থানই তৈরি করছে না, পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখছে।
তারা সরকারের প্রতি দ্রুত স্বল্পমূল্যের পাদুকার ওপর ভ্যাট অব্যাহতি পুনর্বহালের আহ্বান জানিয়ে বলেন, ক্ষুদ্র ও মাঝারি এই শিল্পকে টিকিয়ে রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়া জরুরি।
সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস আশরাফ উদ্দিন, সাবেক সভাপতি শাখাওয়াত, লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট এনামুল হক সুমনসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এমএসবি//