ঢাকা     রোববার   ০৩ মে ২০২৬ ||  বৈশাখ ২০ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সওজের জমি থেকে বিএনপি কার্যালয় উচ্ছেদে এমপির নির্দেশ

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ৩ মে ২০২৬  
সওজের জমি থেকে বিএনপি কার্যালয় উচ্ছেদে এমপির নির্দেশ

শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙিলা বাজার এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনকালে সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু। 

রবিবার (৩ মে) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙিলা বাজার এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।

আরো পড়ুন:

পরিদর্শনকালে উপস্থিত সওজ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদকে উদ্দেশ করে এমপি বাচ্চু বলেন, গাজীপুর-৩ আসনের মহাসড়কের পাশে সরকারি জমি দখল করে গড়ে ওঠা বিএনপির অস্থায়ী কার্যালয়সহ সব অবৈধ স্থাপনা দ্রুত অপসারণ করতে হবে। এতে সড়কের স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলা ফিরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি আরো জানান, দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে মহাসড়কের পাশ দিয়ে দ্রুত ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। প্রস্তাবিত এই ড্রেন নির্মিত হলে তেলিহাটি ইউনিয়নসহ আশপাশের এলাকার পানি নিষ্কাশন সহজ হবে।

সওজের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, রঙিলা বাজার এলাকায় কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রায়ই মহাসড়কে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমও জোরদার করা হবে বলে তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী তৌহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম এবং শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান প্রমুখ।

ঢাকা/রফিক/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়