ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রেমের কারণে ৪৬০ ফুট উঁচু টাওয়ার থেকে লাফ দেওয়ার চেষ্টা 

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ৪ মে ২০২৬  
প্রেমের কারণে ৪৬০ ফুট উঁচু টাওয়ার থেকে লাফ দেওয়ার চেষ্টা 

সাড়ে চার ঘণ্টা চেষ্টার পর হাসান শিকদারকে নিরাপদে নিচে নামিয়েছে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

মাদারীপুরের শিবচরে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় ৪৬০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়ে এক যুবক। নিচে তখন উৎকণ্ঠিত জনতার ভিড়, আর ওপরে দাঁড়িয়ে তিনি লাফ দেওয়ার চেষ্টা করেন। প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টার পর তাকে নিরাপদে নিচে নামিয়েছে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

রবিবার (৩ মে) সন্ধ্যার পর মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম হাসান শিকদার (২২)। তিনি শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমিকার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ মেনে নিতে না পেরে হাসান সন্ধ্যার পর প্রেমিকার বাড়ির কাছে একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন। টাওয়ারে উঠে তিনি প্রেমিকাকে ফোন করে সম্পর্ক পুনরায় চালিয়ে যাওয়ার অনুরোধ জানান এবং নিচে না এলে লাফ দেওয়ার হুমকি দেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হাসানের এক বন্ধু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টাওয়ারে উঠে তাকে বোঝানোর চেষ্টা করেন। এদিকে, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১০টার দিকে ওই যুবককে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়। পরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ তাকে হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শিবচর স্টেশনের কর্মকর্তা তপন কুমার ঘোষ জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফোনে এবং সরাসরি কথা বলে যুবককে বুঝিয়ে নিচে নামাতে সক্ষম হন।

ঘটনার সময় টাওয়ারের নিচে বিপুল সংখ্যক উৎসুক জনতার ভিড় জমে যায়। স্থানীয়রা জানান, প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঢাকা/বেলাল/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়