এক জন্মে সব ভালো কাজ করে যেতে চাই: পার্নো মিত্র
পার্নো মিত্র
পরিচালক শ্রীময়ী চক্রবর্তী দুই নারীর জীবনযুদ্ধের গল্প নিয়ে নির্মাণ করেছেন ‘স্পিরিট অব দ্য ওয়াইল্ড লাইফ’ শিরোনামে ডকু ফিল্ম। এ সিনেমার কার্যনির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। চলতি মাসে কান চলচ্চিত্র উৎসবে যাবে সিনেমাটি।
দুই সাঁওতাল রমণী অঙ্কিতা আর বিনুর জীবিকা মহুয়া তৈরি এবং বিক্রি করা। দুই নারীর একজনের স্বপ্ন, পুরুষ হিসেবে বাঁচার। তাদের দেখা সাহসী স্বপ্নই সিনেমার পটভূমি। এই সিনেমার মাধ্যমে প্রযোজনার দুনিয়ায় পা রাখলেন পার্নো। এ খবর ছড়ানোর পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, মিমি চক্রবর্তী, চিত্রাঙ্গদা, শতরূপা প্রমুখ।
পার্নো মিত্র তার নতুন জার্নি নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। পার্নো মিত্র বলেন, “দেখুন, জীবন একটাই। আর তা খুবই ছোট। তাই এক জন্মে সব ভালো কাজ করে যেতে চাই।”
আগামী দিনে পূর্ণদৈর্ঘ্য সিনেমাও প্রযোজনা করবেন, সে ইচ্ছাও প্রকাশ করলেন একই সঙ্গে। অভিনয়, প্রযোজনার সঙ্গে রাজনীতি! সম্পূর্ণ ভিন্ন মেরু। এক জীবনে একসঙ্গে এতকিছু কী সামলানো যায়? এ প্রশ্নের জবাবে পার্নো মিত্র বলেন, “ছোট থেকে দায়িত্ব সামলেছি। তাই একসঙ্গে অনেক কাজ করতে পারি। আমি খুব ভালো ‘মাল্টিটাস্কার’। এতকিছু সামলাতে তাই সমস্যা হয় না।”
ট্যাবারনাকল স্ট্রিট ফিল্মস এবং আদ্যা ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন শ্রীময়ী চক্রবর্তী ও ওম সিংহ। পার্নোর সঙ্গে এই সিনেমার সহ-কার্যনির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন রুশা বসু।
ঢাকা/শান্ত